সাদেকীর গ্রেপ্তার, জেল, অন্য দেশের কাছে হস্তান্তরের ওপর হাইকোর্টের রুল জারি
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এহসানুল হক সাদেকীর গ্রেপ্তার, জেলে প্রেরণ ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কাছে হস্তান্তর করাকে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে সম্পর্কে কারণ দর্শাতে হাইকোর্টে সোমবার সরকারের বিরুদ্ধে রুল জারি করেছেন।
হাইকোর্টের বেঞ্চের সামনে সাদেকীকে হাজির করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে কেন নির্দেশ দেওয়া হবে না তা ব্যাখ্যা করতে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার সরকারকে নির্দেশ দিয়েছেন। এ সংক্রান্ত দু’টি পৃথক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বেঞ্চ আদেশ দেন।
রিট আবেদনকারীদের কৌসুলি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, সাদেকীকে বাংলাদেশের ভেতরে আটকে রাখা হয়েছে না মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হতে হাইকোর্টে এ রুল জারি করেছেন।
বাংলাদেশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা চলতি বছরের ১৭ এপ্রিল সাদেকীকে (১৯) রাজধানী থেকে গ্রেপ্তার করেন। তাকে পরে ২০ এপ্রিল এফবিআইয়ের হাতে হস্তান্তর করা হয় বলে অভিযোগ উঠেছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কেএম হাসান জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। এছাড়া সাদেকীর স্ত্রী হ্যাপি সাদেকীকে গ্রেপ্তার, জেলে প্রেরণ ও তাকে এফবিআইয়ের হাতে হস্তান্তরের বৈধতাকে চ্যালেঞ্জ করে অপর একটি রিট আবেদন দায়ের করেন।
অ্যাডভোকেট কেএম হাসানের দায়েরকৃত রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পুলিশের উপকমিশনার (উত্তর), ডিটেক্টিভ ব্রাঞ্চের উপকমিশনার এবং এফবিআইকে বিবাদী করা হয়েছে।
হ্যাপির দায়েরকৃত রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পররাষ্ট্রসচিব, প্রতিরক্ষাসচিব, আইজিপি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানসহ সরকারের শীর্ষ ১২ জন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের সহায়তায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রিট আবেদনকারী কেএম হাসানের পক্ষে ও অ্যাডভোকেট জিয়াউল হকের সহায়তায় টিএইচ খান হ্যাপির পক্ষে মামলা পরিচালনা করেন। অপরদিকে অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করেন।
