২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডি ফুডস চেয়ারম্যান সাত দিনের রিমান্ডে

ব্রিটেনে ৭৫ কোটি টাকার হেরোইন পাচার মামলায় বিডি ফুডস-এর চেয়ারম্যান বদরুদ্দোজা মোমিনকে জিজ্ঞাসাবাদের জন্যে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

ঢাকার সিএমএম আদালতে সিআইড পুলিশ সোমবার তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শামসুল আলম ওই আদেশ দেন।

এদিকে একই দিন বিডিফুডস--এর একজন ম্যানেজার মাইনুদ্দীনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সিআইডি সাত দিনের রিমান্ড চাইলে ম্যাজিস্ট্রেট শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক নূরুল ইসলাম বলেন, অস্তিত্ববিহীন ভুয়া জামিল এন্টারপ্রাইজ এবং এমদাদ ট্রেডিংয়ের নামে টিস্যু পেপার ও সবজি সরবরাহের মাধ্যমে খাদ্য ও হস্তশিল্পের আড়ালে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে দুটি শিপমেন্টে হেরোইন পাচার করা হতো। বিডি ফুডস--এর চেয়ারম্যানের সরাসরি নির্দেশ ও অর্থ সহায়তায় ওই মাফিয়াচক্রটি গড়ে ওঠে। বিডি ফুডস--এর এয়ারপোর্টের শিপমেন্ট ম্যানেজার নাজমুল হায়দার বুলবুলের দেওয়া তথ্যে এ কথা প্রকাশ পেয়েছে। রপ্তানি পণ্যের আড়ালে হেরোইন পাচারের এই জঘন্য অপকর্ম বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাড. এহসানুল হক সমাজী বলেন, গত ৯ এপ্রিল দাখিল করা একটি রিট আবেদনের আলোকে হাইকোর্ট দুই মাসের মধ্যে বিডি ফুডস--এর চেয়ারম্যানকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এ আদেশ উপেক্ষা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নেয়ার যৌক্তিকতা নেই।

দীর্ঘ শুনানি শেষে সন্ধ্যায় তাদের দুজনকে সিআইডি দপ্তরে হাজির করা হয়। এর আগে বিকেলে বদরুদ্দোজা মোমিন ও মাইনুদ্দীনকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে হাজির করা হয়।

আদালতে বিডি ফুডস--এর সাবেক কর্মকর্তা নাজমুল হায়দার বুলবুলের স্বীকারোক্তীমূলক জবানবন্দিতে দেওয়া তথ্যের ভিত্তিতে সিআইডি পুলিশ রোববার বিডি ফুডস--এর চেয়ারম্যান বদরুদ্দোজা মোমিনকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে।