২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবর-মার্চে ওভেন, নিটওয়্যার পোশাকের রপ্তানি বেড়েছে যথাক্রমে ২৩ ও ৩৮ শতাংশ

চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের প্রেক্ষিতে চলতি অর্থবছরের অক্টোবর -- মার্চ সময়ে দেশের ওভেন ও নিটওয়্যার পোশাকের রপ্তানি যথাক্রমে ২৩ ও ৩৮ দশমিক ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

ইইউ ও যুক্তরাষ্ট্র ২০০৫ সালের মাঝামাঝি সময় থেকে চীনের পোশাক ও অন্যান্য পোশাক সামগ্রীর প্রবেশ ঠেকাতে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। আর চীনের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ওই বছরের সেপ্টেম্বর থেকেই ইতিবাচক প্রভাব পড়তে শুরু করে বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানিয়েছে।

একজন বাজার বিশেষজ্ঞ জানান, যদিও আগে নিটওয়্যার পোশাক রপ্তানিতে এ ধরনের বৃদ্ধির প্রবনতা দেখা গিয়েছিল, তবুও আগের প্রবণতার সাথে তুলনা করলে ওভেন পোশাকের রপ্তানি বৃদ্ধির বিষয়টি অবিশ্বাস্য।

ইপিবি’র এক পরিসংখ্যান বিশেষজ্ঞ জানান, ২০০৫ সালের জানুয়ারি থেকে প্রথম নয় মাসের কোটামুক্ত (মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট) পরবর্তী সময়ে নিটওয়্যার রপ্তানি ২২ দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেলেও একই সময়ে ওভেন পোশাকের রপ্তানি ৪ দশমিক ৬৭ শতাংশে দাঁড়িয়েছিল।

ইপিবি’র পরিসংখ্যান থেকে জানা যায়, মার্কিন বাজারে রপ্তানি ৩৪ দশমিক ৮৭ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ওভেন পোশাক রপ্তানির ক্ষেত্রে এমন বৃদ্ধি দেখা যাচ্ছে। গত ছয় মাসে এ খাত থেকে আয় হয়েছে ৯৫৩ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনিসুল হক বলেন, চীনের ওপর কড়াকড়ি আরোপের কারণে সম্প্রতি পোশাক রপ্তানি শুধু মার্কিন বাজারেই নয়, ইইউ’র বাজারেও বৃদ্ধি পেয়েছে। তবে ২০০৮ সালের পর থেকে আমাদের কঠিন সময় আসবে।

আনিসুল হক বলেন, রপ্তানির পরিমাণ বেড়ে যাওয়ার জন্য আমরা প্রতিযোগিতায় টিকে রয়েছি। যদিও আমাদের লাভ কমে গেছে।

গবেষণা সংস্থা ডি.নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান বলেন, চীনের কয়েক ধরনের পোশাকের ওপর কড়াকড়ি আরোপ ও পণ্যের মান বজায় রাখতে চীনের রপ্তানিকারকদের ব্যর্থতার কারণে দেশের পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ভারত তার পোশাক শিল্পের পুনর্গঠন করেছে। এর ফলে বাংলাদেশের একই ধরনের পোশাকের ক্ষেত্রে প্রতিযোগিতাশীল সুবিধা বৃদ্ধি পেয়েছে। এটি ২০০৮ সালে রপ্তানি বৃদ্ধি হ্রাস করবে।

আরাফ গ্রুপের পরিচালক নাইমুল বাশার চৌধুরী বলেন, ওভেন পোশাক রপ্তানিকারকরা উচ্চ রপ্তানি বৃদ্ধি বজায় রাখতে অপরিকল্পিতভাবে তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছে। দুর্দিনে এটি সমস্যা হয়ে দাঁড়াবে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের ওপর তার প্রকাশিত সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে বলেছে, কোটামুক্ত পোশাক শিল্পের প্রভাবের কারণে বাংলাদেশ স্বল্প মেয়াদে ধস ও দীর্ঘ মেয়াদে অনিশ্চয়তার মুখোমুখি হতে পারে। চীনের ওপর আরোপকৃত অস্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ২০০৮ সালে শেষ হয়ে যাওয়ার পর পরবর্তীকালে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে বলে এতে বলা হয়েছে।

তবে এডিবি আরও বলেছে, কোটা ব্যবস্থা বিলুপ্ত হয়ে গেলে বাংলাদেশের পোশাক শিল্প ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে বলে যে ভবিষ্যদ্বানী করা হয়েছিল, তা অনেক ক্ষেত্রেই ছিল অতিরঞ্জিত।