ভূমি জরিপের নামে ঘুষ - দুর্নীতির প্রতিবাদে সাভার কৃষক লীগের উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালিত
সাভারে ভূমি জরিপের নামে ঘুষ দুর্নীতি বন্ধের দাবিতে সোমবার সকালে সাভার উপজেলা ও পৌর কৃষকলীগ বিক্ষোভ সমাবেশ ও সাভার উপজেলা পরিষদ ঘেরাও করে।
সূত্র জানায়, সাভারের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতার খ- খ- মিছিল সাভার বাজার বাসস্ট্যান্ডে জমায়েত হয়। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল ঢাকা - আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় ঢাকা - আরিচা মহাসড়কে এক ঘন্টার জন্যে যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষুদ্ধ কয়েকজন পার্শ্ববর্তী দোকানে ইটপাটকেল ছুঁড়লে একটি দোকানের ব্যাপক ক্ষতি হয়। এসময় বাজারের দোকানপাট বন্ধ করে হয়ে যায়।
কৃষকলীগ নেতা বাবু প্রশান্ত কুমার রারেয় সভাপতিত্বে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফ, সাভারের সাবেক সাংসদ আশরাফ উদ্দিন খান ইমু, উপজেলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা দৌলা, মুরাদ জং প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী সাত দিনের মধ্যে ভূমি জরিপের নামে ঘুষ দুর্নীতি বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম সালাউদ্দিন নাগরী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
