আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে লিচুর বাম্পার ফলন
আমের জন্যে চাঁপাইনবাবগঞ্জের একটা বিশেষ পরিচিতি রয়েছে। এজন্যে এ জেলাকে বলা হয়ে থাকে আমের রাজধানী। এবার সেই আমের রাজধানীতেই হয়েছে লিচুর বাম্পার ফলন। বিভিন্ন ধনরনের আমের সাথে এখন প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জের হাটবাজারে সহজেই মিলছে সুমিষ্ট লিচু।
স্থানীয় ফল ব্যবসায়ীরা জানান,বর্তমানে গুটি জাতের লিচুই বাজার দখল করে রাখলেও অল্প কিছুদিনের মধ্যে বোম্বাই, মাদ্রাজি, চায়না - ৩, বারী, বেদানা ও মোজাফর জাতের অন্যান্য উন্নত জাতের লিচু বাজারে আসবে।
চাঁপাইনবাবগঞ্জের আমের মতো লিচু এখন দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে। আর তাই এখন এই জেলার সীমানা ছাড়িয়ে দেশের অন্যান্য জেলায়ও চলে যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, আম চাষের পাশাপাশি এখানে ব্যাপক আকারে উন্নত জাতের লিচু চাষ হচ্ছে। চাষীরা বাণিজ্যিকভাবে লিচু উৎপাদন শুরু করেছেন। ইতোমধ্যে জেলায় প্রচুর লিচু বাগান গড়ে উঠেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ - পরিচালক অসীম কুমার মালাকার বিডিনিউজকে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় ১৬৫ হেক্টর জমিতে প্রায় ২০ হাজার গাছে লিচু চাষ হচ্ছে।
এখানে দেশী জাত ছাড়াও অন্যান্য লিচুরও চাষ হচ্ছে। এর মধ্যে দেশী জাতের বোম্বে লিচুর চাষ বেশী হচ্ছে। এসব লিচুর স্বাদ ও ফলন দুটোই ভাল। তিনি আরো জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর কোনো রোগবালাই নেই।
চাঁপাইনবাবগঞ্জে এবার আমের পাশাপাশি লিচুর ফলনও বাম্পার হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
সদর উপজেলার শিবতলার লিচু চাষী আমিরুল আলি জানান, গত বছরের তুলনায় এবার ফলনও বেশি এবং তুলনামুলকভাবে দামও বেশি পাচ্ছি।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়ার লিচু বিক্রেতা আবুল কাশেম জানান, বর্তমানে গুটি লিচু এক হাজার ১৩৫০ টাকা ও বোম্বাই লিচু ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিপ্তরের পরিসংখ্যানে জানা গেছে, একটি গাছে তিন থেকে পাঁচ হাজার লিচু হয়। এবার গাছগুলোতে গড়ে চার হাজার লিচু ধরেছে। এ বছর জেলায় প্রায় আট কোটি লিচুর উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য ১০ থেকে ১২ কোটি টাকা। এসব লিচু জেলার অভ্যন্তরীণ বাজার ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটসহ বেশ কিছু জেলায় উল্লেখযোগ্য পরিমাণে চালান করা হচ্ছে।
