রাজবাড়ীতে ইউরিয়া সারের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি
রাজবাড়ীতে আকস্মিকভাবে ইউরিয়া সারের মূল্য বস্তা প্রতি ২৫ থেকে ৩০ টাকা বৃদ্ধি পাওয়ায় দরিদ্র কৃষকরা দুর্ভোগের শিকার হচ্ছেন। অভিযোগে জানা যায়, সারের পাইকারী এবং খুচরো ব্যবসায়ীরা প্রতি ব্যাগে সারের মূল্য বৃদ্ধি করেছে।
কৃষকেরা জানায়, গত সপ্তাহে রাজবাড়ীর বিভিন্ন এলাকার সার ডিপো এবং বিক্রয় কেন্দ্রগুলোতে প্রতি বস্তা ইউরিয়া সার ২৮০ থেকে ২৮৫ টাকায় পাওয়া যেত। বর্তমানে তার মূল্য বৃদ্ধি পেয়ে প্রতি বস্তা ৩১০ থেকে ৩২০ টাকায় বিক্রি করা হচ্ছে।
রাজবাড়ীর সিলিমপুর এলাকার কৃষক গোপাল সরকার জানান, শুধু মূল্য বৃদ্ধিই নয় এই চিকন ইউরিয়া সার ব্যবহারে পাটের পাতা ঝলসে গিয়ে পাটগাছ নষ্ট হয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, মোটা যমুনা ইউরিয়া সার ব্যবহার করলে সার মাটিতে মিশে যায় এবং গাছ ও ফলন উভয়ই ভাল হয়।
রাজবাড়ী শহরের একজন সার ডিলার বিডিনিউজকে জানান, সারের বেশি চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে এই মূল্য বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও জানান, যমুনা সার সরবরাহ বন্ধ থাকার কারণেও এই মূল্য বেড়েছে।
