কিবরিয়া হত্যা মামলার সকল প্রসিডিংস স্থগিত করেছে হাইকোর্ট
হাইকোর্ট সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরীয়া হত্যা মামলার সকল কার্যক্রম স্থগিত করেছে।
হত্যা মামলার বিষয়ে অ্যাড. আব্দুল মজীদ খানের দায়ের করা রিটের শুনানি শেষে রোববার হাইকোর্ট সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার পুনঃতদন্ত আবেদন নাচকের আদেশ কেন অবৈধ ও আইন বর্হিভূত ঘোষণা করা হবে না, দুই সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর নির্দেশ দিয়ে সরকারের প্রতি রুল জারি করেন।
বিচারপতি এমএ রশীদ এবং বিচারপতি মিজানুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ মামলার কাগজপত্রও চেয়ে পাঠান।
রুলের জবাব না দেওয়া পর্যন্ত এই স্থগিত আদেশ বহাল থাকবে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক নির্মম গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরীয়াসহ সংগঠনের স্থানীয় চার নেতা নিহত হন।
সিআইডি’র সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান ২০০৫ সারের ২০ মার্চ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজীদ খান অভিযোগ করেন, তাকে অবগত না করেই সিআইডি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
