২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনে ৫৮ এইচএসসি, ৭৯ আলিম ও ২৪৩ কারিগরী পরীক্ষার্থী বহিস্কার

দেশের সাতটি শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে রোববার ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাত শিক্ষা বোর্ডের বিভিন্ন কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের দায়ে ৫৮ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এছাড়া মাদ্রাসা বোর্ডে ৭৯ জন আলিম পরীক্ষার্থী ও কারিগরী শিক্ষা বোর্ডে ২৪৩ জন পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। মাদ্রাসা বোর্ডের তিন জন শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে ২১ জন, রাজশাহী বোর্ডে ১৭ জন, কুমিল্লা বোর্ডে ৮জন, বরিশাল বোর্ডে ৬ জন, যশোর বোর্ডে ৪জন, চট্টগ্রাম বোর্ডে একজন এবং সিলেট বোর্ডে একজন শিক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার হয়েছেন।

সাত বোর্ডের অধীনে এবার মোট চার লাখ ১৮ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষার প্রথমদিন ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় অবতীর্ণ হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলে।

শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক পরীক্ষার প্রথম দিন বদরুন্নেছা কলেজ ও শহীদুল¬াহ কলেজ পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে নকল করার কোনো প্রবনতা নেই।

তিনি আরো বলেন, নকল প্রতিরোধে ঢাকার বাইরেও কেন্দ্রভিত্তিক ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্যে স্থানীয়ভাবে মনিটরিং সেল রয়েছে।

তিনি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরণের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্রেগুলোতে বিদ্যুতের সমস্যা যাতে না থাকে সেজন্যে আগেই ব্যবস্থা নেয়া হয়েছে। ফলে কেন্দ্রে বিদ্যুতের সমস্যা থাকছে না।                 

সাতটি শিক্ষাবোর্ডে মোট এক হাজার ১৭টি পরীক্ষা কেন্দ্রে দুই লাখ ৩৫ হাজার ৬৬৯ জন ছাত্র এবং এক লাখ ৮৩ হাজার দুইশ’ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৪২১টি পরীক্ষা কেন্দ্রে মোট ৫৬ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এবছর কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯৮ হাজার ২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।