২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীমের আর ব্যাংকার হওয়া হলো না!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে নিহত মেধাবী ছাত্র মোশারফ হোসেন শামীমের ইচ্ছা ছিল ব্যাংকার হবে। শুক্রবার শাবির ছাত্রদের সাথে রাগীব - রাবেয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পুলিশ গুলি চালালে শামীম গুরুতর আহত হয়। দুই দিন মৃত্যুর সাথে লড়াই করে রোববার ভোর রাতে ঢাকার সিএমএইচে তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

শামীমের মৃত্যুর খবর পৌঁছার পরপরই তার নেত্রকোনার পূর্বধলায় গ্রামের বাড়িতে এখন শুধুই কান্নার রোল। শামীমের পরিবারসহ পাড়া প্রতিবেশী কেউই মেনে নিতে পারছে না মর্মান্তিক এ মৃত্যু।

বাবা মাদ্রাসা শিক্ষক হেকমত আলী বিলাপ করে বলেন, পুলিশ আমার সকল স্বপ্ন ধুলিষ্যাৎ করে দিয়েছে।

পূর্বধলা উপজেলা থেকে আট কিলোমিটার দক্ষিণে দামুদরভিটা গ্রাম। ওই গ্রামের হেকমত আলীর ছেলে শামীম। তিন ভাই ও দুই বোনের মধ্যে শামীম সবার বড়। ছোট বেলা থেকেই সে ছিল মেধাবী। স্থানীয় খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পায়। জারিয়া উচ্চ বিদ্যালয় থেকে স্টারমার্ক পেয়ে ১৯৯৯ সালে এসএসসি পাশ করে। এর পর ময়মনসিংহের সৈয়দ নজরুল কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করে সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তি হয়। সে ছিল বিবিএর শেষ বর্ষের ছাত্র। তার লেখাপড়ার খরচ চালাতো মামারা।

শামীমের মা সাজেদা বেগম জানান, ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলাম। কিন্তু পুলিশ আমার সর্বনাশ করে দিল। আমি দোষী পুলিশের বিচার চাই।  ফাঁসি চাই।

শামীমের বোন হোসনার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু ভাইয়ের মৃত্যু সংবাদ জানার পর সে আর পরীক্ষার হলে যেতে পারেনি।

রোববার সাড়ে ৫টায় শামীমের মামার বাড়ি দলদলায় লাশ পৌঁছে। স্থানীয় প্রশাসন লাশ গ্রহণ করে। এ সময় এলাকার কয়েক হাজার তাদের প্রিয় শামীমকে শেষবারের জন্যে এক নজর দেখার জন্যে ভিড় জমায়। দলদলা উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা হয়। এরপর দ্বিতীয় জানাজা হয় গ্রামের বাড়ি দামুদরভিটি গ্রামে। পরে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

শামীমের মা-বাবা সাংবাদিকদের বলেন, আমার ছেলে কোনো রাজনীতি করতো না। সে একজন সাধারণ ছাত্র ছিলো। পড়ালেখা ছাড়া সে কিছুই বুঝতো না। স্বপ্ন ছিলো বড় হয়ে ব্যাংকার হবে। কিন্তু পুলিশের একটি বুলেট তার সে স্বপ্নকে কেড়ে নিলো।