২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৭০

দেশের বিভিন্ন স্থানে শনিবার সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত এবং কমপক্ষে ৭০ জন আহত হয়েছে। বিকেলে কুমিল্লা দুটি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ও ৪০ জন আহত হয়। সকালে গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়। এছাড়া কক্সবাজার ও গাজীপুরে নিহত হয়েছে দুজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 10:09 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বিডিনিউজ গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জ - টুঙ্গিপাড়া মহাসড়কে মল্লিকের মাঠ এলাকায় শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

আহতদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতাল এবং টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার দাউদকান্দিতে শনিবার এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাত এক মহিলাসহ পাঁচজন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে উপজেলার দৌলতপুরে দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মহাসড়কে তীব্র যানযটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, পুলিশ আহতদের উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নবাবগঞ্জ থেকে ঢাকাগামী অনির্বাণ পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে ঢাকা থেকে রামগঞ্জগামী আল আরাফা পরিবহনের অপর যাত্রীবাহি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে বঙ্গভবনের কর্মচারি আনোয়ার হোসেন (২৯) এবং অনির্বাণ পরিবহনের চালক বাচ্চু (৩৬) ছাড়া অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের নিকটস্থ গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিক, কুমিল্লা এবং ঢাকায় পাঠানো হয়েছে।

গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুর রব জানান, আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় এ পর্যন্ত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও তিনি আশংকা প্রকাশ করেন।

বিডিনিউজ কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার--টেকনাফ সড়কের টেকনাফ নাইট্যং পাহাড়ের কাছে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে একটি ‘চাঁদের গাড়ি’ দুর্ঘটনায় একজন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টেকনাফ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে আসার পথে চাঁদের গাড়িটির ষ্টিয়ারিং ভেঙ্গে নাফ নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রোহিঙ্গা সৈয়দুল আমিন (৬৫) নিহত হয় ও আহত হয় আরো ১০জন।

আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে শনিবার সকালে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম মো. আজিম উদ্দিন (৮৫)।

জেলা সদরের বাঘের বাজার এলাকায় ঢাকা--ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি দুর্ঘটনাস্থলের অদূরে দরগাচালায়। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পলিয়ে যায়।

এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।