২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবন সুবিধাবঞ্চিত, প্রান্তিক ও নিপীড়িতের পক্ষে লড়াই করেছেন নাসরীন হক

নাসরীন হক স্মরণে এক স্মরণ সভায় বক্তারা বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে নাসরীন হক দেশের সীমানা পেরিয়ে মানবতার অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নটি সামনে নিয়ে এসেছেন। আর তিনি আজীবন দেশ ও দেশের বাইরের সুবিধাবঞ্চিত, প্রান্তিক ও নিপীড়িত জনগণের পক্ষে লড়াই করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

অ্যাকশনএইড ইন্টারন্যাশনালের আবাসিক পরিচালক নাসরীন হক স্মরণে রাজধানীর ওসমানী স্মৃতি হলে শনিবার অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল আয়োজিত শনিবার স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।

অ্যাকশনএইড ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী রমেশ সিং বলেন, নাসরীন ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি ন্যায়বিচার ও মানবতার ইস্যুটি লন্ডনের টাওয়ার হ্যামলেট থেকে নিউইয়র্কে নিয়ে গেছেন। আন্তর্জাতিক পর্যায়ে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ও বঞ্চিতদের শিক্ষা ও খাদ্যের অধিকার আদায়ে নাসরীন হকের অবদান রমেশ সিং স্মরণ করেন।

নাসরীন হকের স্বামী নুরুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রতিটি মানুষের ওপর তার অগাধ বিশ্বাস ছিল। সমাজে আজকাল এ ধরনের বিশ্বাস দেখা যায় না। সামাজিক শ্রেণীভেদ ভুলে নাসরীন প্রতিটি মানুষের মর্যাদাকে সাদরে ধারণ করেছিলেন বলে তিনি জানান।

নাসরীন হক ২৪ এপ্রিল তার বাসভবনে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি অ্যাকশনএইডের প্রতি একনিষ্ঠ ছিলেন।

অ্যাকশনএইডের ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক শাহামিন এস জামান বলেন, তিনি সমাজের সুবিধাবঞ্চিত, নিপীড়িত ও প্রান্তিক মানুষের নাড়ি অনুভব করতে পেরেছিলেন। তিনি ছিলেন গরীব ও সংগ্রামী মানুষের মুখপাত্র।

নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর রাজপথে মৌলবাদ ও সামরিক শাসনের বিরুদ্ধে নাসরীন হকের লড়াইয়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আমরা এমন একজন বন্ধুকে হারিয়েছি, যিনি মানবতার প্রতি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে সবসময় একনিষ্ঠ ছিলেন।

তিনি বলেন, মূল্যবোধ ও সাহসের শক্তিশালী বোধের জন্যে তিনি প্রতিমা, যাকে কেবল আমি কল্পকাহিনীতে দেখতে পাই।

তিনি আরো বলেন, পতিতালয় থেকে উৎখাত হওয়া কয়েকজন পতিতাকে নাসরীন হক তার নিজ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন।

নাসরীন হকের মা ও কবি জাহেদা খানম দেশের জনগণ যাতে নিজেদের জীবন নিজেরাই বাঁচাতে পারে, সেজন্যে তাদেরকে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দিতে অ্যাকশনএইডের প্রতি আহ্বান জানান।

যৌনকর্মীদের নেত্রী মমতাজ বলেন, তিনি আমাদেরকে মানুষ হিসেবে গ্রহণ করেছিলেন, যৌনকর্মী হিসেবে নয়।

সাহিত্যিক সেলিনা হোসেন এবং এসিড সন্ত্রাসের শিকার নুরুন্নাহার স্মরণসভায় বক্তব্য রাখেন।