২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৪০

কুমিল্লার দাউদকান্দিতে শনিবার এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞাত এক মহিলাসহ পাঁচজন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার দৌলতপুরে দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

দুর্ঘটনায় মহাসড়কে তীব্র যানযটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, পুলিশ আহতদের উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নবাবগঞ্জ থেকে ঢাকাগামী অনির্বাণ পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে ঢাকা থেকে রামগঞ্জগামী আল আরাফা পরিবহনের অপর যাত্রীবাহি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে বঙ্গভবনের কর্মচারি আনোয়ার হোসেন (২৯) এবং অনির্বাণ পরিবহনের চালক বাচ্চু (৩৬) ছাড়া অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের নিকটস্থ গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিক, কুমিল্লা এবং ঢাকায় পাঠানো হয়েছে।

গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুর রব জানান, আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় এ পর্যন্ত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও তিনি আশংকা প্রকাশ করেন।