২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু

দেশের সাতটি শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রোববার থেকে শুরু হচ্ছে। এছাড়া মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরী বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও একই দিন শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

সাত বোর্ডের অধীনে এবার মোট চার লাখ ১৮ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষার প্রথম দিন ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় অবতীর্ণ হবেন। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

সাত শিক্ষা বোর্ডে মোট এক হাজার ১৭ টি পরীক্ষা কেন্দ্রে দুই লাখ ৩৫ হাজার ৬৬৯ জন ছাত্র এবং এক লাখ ৮৩ হাজার দুইশ’ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৪২১টি পরীক্ষাকেন্দ্রে মোট ৫৬ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এছাড়া কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯৮ হাজার ২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

ঢাকা বোর্ডের অধীনে এক লাখ ৩৩ হাজার ৫২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এদের মধ্যে ৭৩ হাজার ৫১৯ জন ছাত্র এবং ৬০ হাজার সাতজন ছাত্রী। 

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ হাজার ৯৪২ জন। এদের মধ্যে ৫৭ হাজার ২১০জন ছাত্র এবং ৪১ হাজার ৭৩২ জন ছাত্রী। 

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৪৩ হাজার ২৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এদের মধ্যে ২৪ হাজার ২৮১ জন ছাত্র এবং ১৮ হাজার ৯৮০ জন ছাত্রী।

যশোর শিক্ষা  বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৭৫০ জন। এদের মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৫ জন এবং ছাত্রী ২৭ হাজার ৬৯৫জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৩১ হাজার ৯০৫ জন। এদের মধ্যে ১৭ হাজার ৫৫০ জন ছাত্র এবং ১৪ হাজার ৩৫৫ জন ছাত্রী।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২৫ হাজার ৬১৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ১৪ হাজার ৩৩৬ জন ছাত্র এবং ১১ হাজার ২৮২ জন ছাত্রী।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী রয়েছে ১৮ হাজার ৮৬৭ জন। এর মধ্যে ছাত্র নয় হাজার ৭১৮ জন এবং ছাত্রী নয় হাজার ১৪৯ জন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ভারী যানবাহন চলাচল ও সভা--সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।