২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের আশঙ্কার মধ্যেই রোববার লন্ডনে বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে

উৎসব আয়োজন নিয়ে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের দুটি অংশের মধ্যে বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাংলাটাউন ও উয়িভার ফিল্ডে বাংলা নববর্ষ উপলক্ষে রোববার বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বৈশাখী মেলাকে যুক্তরাজ্যে বাংলাদেশি সম্প্রদায়ের জন্য সর্ববৃহৎ উৎসব বলে মনে করা হচ্ছে। মেলায় বাউল সঙ্গীত, ঐতিহ্যবাহী নৃত্যসহ বাঙালি সংস্কৃতির সমাবেশ ঘটানো হবে। উৎসবের অংশ হিসেবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।

উৎসব আয়োজন নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের দুটি অংশের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কার প্রেক্ষিতে পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা নিতে হচ্ছে।

উৎসব আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন হোয়াইটচ্যাপেল’স ক্লিফটন রেস্টুরেন্টের মালিক সিরাজ হক। তিনি বৈশাখী মেলা ট্রাস্টের চেয়ার। মাল্টিমিলিয়ন পাউন্ডের এ মেলার পরিকল্পনা থেকে বাদ পড়ার অভিযোগ এনে অনেক রেস্টুরেন্ট মালিক তার ওপর ক্ষেপেছেন। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সিরাজ হক অস্বীকার করেছেন।

বিডিনিউজের সাথে আলাপকালে তিনি বলেন, উৎসবে যাতে ১৫০,০০০ লোকের সমাগম হয় আমরা সে লক্ষ্যে পরিকল্পনা করছি। আমরা চাই না কোনো অপরাধী এখানে আসুক।

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটের স্থানীয় পার্লামেন্ট সদস্য জর্জ গ্যালাওয়ে পুলিশ ও কাউন্সিল প্রধানকে জানিয়েছেন, ব্রিকলেন ও উয়িভার ফিল্ডে রোববারের উৎসবে সহিংসতা দেখা দেওয়ার আশঙ্কা নিয়ে তিনি উদ্বিগ্ন। টাওয়ার হ্যামলেটসের বোরো কমান্ডার মার্ক সিমন্সের কাছে লেখা এক চিঠিতে গ্যালাওয়ে বলেছেন, বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের মঞ্চ হিসেবে উৎসবকে ব্যবহার করা হচ্ছে। 

উৎসব উপলক্ষে আয়োজকরা লন্ডন মেয়র কেন লিভিংস্টোনের লন্ডন উন্নয়ন কর্তৃপক্ষ ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাছ থেকে ৫৫ হাজার পাউন্ড অনুদান পেয়েছে।