২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ--রাজশাহী রুটে বাস ধর্মঘট অব্যাহত

আন্তঃজেলা মটর শ্রমিকদের দ্বন্দ্বের কারণে শুক্রবারও চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ থাকে। এ নিয়ে টানা ছয়দিন বাস চলাচল বন্ধ থাকায় জন দুর্ভোগ চরমে পেঁছেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার মটর শ্রমিকদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে চারদিন বাস চলাচল বন্ধ ছিল।

৭ মে থেকে বুধবার পর্যন্ত বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন করে চাঁপাইনবাবগঞ্জ--রাজশাহী রুটে বাস চলাচল স্বাভাবিক হতে না হতেই আবারও চাঁপাইনবাগঞ্জ ও রাজশাহী আন্তঃজেলা শ্রমিকদের দ্বন্দ্বের কারণে বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানায়, সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রী ডাকাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর দুই শ্রমিকের মধ্যে তর্কবিতর্কের পর রাজশাহীর শ্রমিকরা চাঁপাইনবাবগঞ্জ থেকে তাদের বাস সরিয়ে নিলে নতুন করে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহীর শ্রমিকরা চাঁপাইনবাবগঞ্জের শেষ সীমানা বালিয়াঘাটা থেকে গাড়ি চালালেও নিরাপত্তার কারণে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা গাড়ি নিয়ে রাজশাহী যাচ্ছেন না বলে অভিযোগ করেন অনেক শ্রমিক।

চাঁপাইনবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে স্বরূপনগর কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানীয় শ্রমিকরা রাজশাহীর শ্রমিকদের লাঞ্ছিত করে। এতে তারা ক্ষুব্ধ হয়ে বাস নিয়ে চলে যায় রাজশাহী সীমানায়। দুপুরে সোনা মসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জের মালিকের একটি গাড়ি রাজশাহী গেলে সেখানে শ্রমিকরা চালককে লাঞ্ছিত করে। এ থেকে সমস্যা আরও তীব্র হয়ে উঠে।

তিনি জানান, সমস্যা নিরসনের জন্যে রাজশাহী শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী জানান, সংকট নিরসনের লক্ষ্যে নিজেদের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে তিনি জানান।