মেঘনায় দলদস্যুদের হামলায় ১০ জেলে জখম: জাল মাছসহ ৮টি ট্রলার লুট, ২ লাখ টাকা চাঁদা দাবি
ভোলার মির্জাবালূ-মেঘনা নদীতে বুধবার রাতে জলদস্যুরা জেলেদের ট্রলারে হামলা চালিয়ে ১০ জেলেকে কুপিয়ে জখম করেছে এবং জাল ও মাছসহ আটটি ট্রলার লুট করে নিয়েছে।
আহত জেলেদের মধ্যে নাজিম উদ্দিন নাজু (২৫) ও তোফাজ্জল হোসেন (২৬) কে হাত-পায়ের রগ কেটে দেয় এবং অন্যাদের কুপিয়ে আহত করে। আহতদের মধ্যে দুই জনকে ভোলা হাসপাতালে এবং অন্যান্যদেরকে বোরহানউদ্দিনসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানায়, রাত সাড়ে ১১টায় সর্দার আলাউদ্দিন ও কালা জসিম গ্রুপের ৩০/৩৫ জলদস্যু অতর্কিতে একযোগে মেঘনায় মাছ ধরা জেলেদের উপর হামলা চালায়। এসময় ডাকাত দল নাজু মাঝিসহ দুই মাঝির হাত ও পায়ের রগ কেটে বেদম মারধর করে। ডাকাতরা অন্য জেলেদের কুপিয়ে জখম করে।
এদিকে ডাকাতরা জাল, মাছসহ আটটি ট্রলার লুট করে নিয়ে যায়। পরে এগুলো ফেরত দিতে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
ইলিশ মৌসুমের শুরুতেই জলদস্যুরা সক্রিয় হয়ে ওঠাতে জেলেরা আতংকিত হয়ে পড়েছেন।
