২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শহর যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৩ নেতা গ্রেপ্তার, পরে মুক্তি

চট্টগ্রাম শহর যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ তিন যুবলীগ কর্মী বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে পরে আদালতের জামিনে মুক্ত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 09:09 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে যুবলীগ সাধারণ সম্পাদকের শহরস্থ বাসভবন আলকরণের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে গ্রেপ্তার করে। এছাড়াও যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য পুলক খাস্তগীর ও চট্টগ্রাম কোতোয়ালী থানা যুবলীগের গবেষণা ও তথ্য সম্পাদক শশিউর রহমান রোকন পুলিশের হাতে গ্রেফতার হন।

পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত জামিন মঞ্জুর করলে তারা ছাড়া পান।

বিকেলে যুবলীগ নগরীর শহীদ মিনার চত্ত্বরে তাদের সংবর্ধনা দেয় । এ সংবর্ধনা অনুষ্ঠানে চট্গ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, বিরোধী দলের ওপর সরকারের দমন পীড়ন নীতির অংশ হিসেবেই তাদের গ্রেফতার করা হয়েছিলো।

পুলিশ তাদের গ্রেপ্তারের কারণ সম্পর্কে কিছু না জানালেও স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত সমর্থিত স্থানীয় ওয়ার্ড কমিশনারের সাথে কোন্দলের জের ধরে গ্রেপ্তার হন তারা।

পুলিশ যুবলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বেশকটি মামলা রয়েছে বলে জানালেও পরিবার ও দলীয় লোকজন দাবি করছে, ওইসব মামলায় তিনি জামিনে রয়েছেন।

এর আগে মশিউর রহমানের গ্রেপ্তারের খবর শহরে ছড়িয়ে পড়লে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা শহরের বিভিন্ন স্থানে মিছিল বের করে।