রাজধানী ও বাগেরহাটে পুলিশ ও র্যাবের সাথে ক্রসফায়ারে এক সন্ত্রাসী ও ডাকাত সর্দার নিহত
রাজধানীর হাজারীবাগে ও বাগেরহাটের মোড়েলগঞ্জে বৃহস্পতিবার ভোরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সন্ত্রাসীদের ক্রসফায়ারে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত সর্দার ও এক সন্ত্রাসী নিহত হয়েছে।
রাজধানীর হাজারীবাগ বউ বাজারের সোনারং ব্রীজ এলাকায় বৃহস্পতিবার ভোরে র্যাবের সাথে ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম আবুল কাশেম ওরফে হাদি। সে সাত বছর জেলে খাটার পর দেড় মাস আগে ফিরে এসে আবারও সন্ত্রাসী কর্মকান্ডে যোগ দেয়।
র্যাব সূত্র জানায়, র্যাব-২ এর একটি টহলরত দল বুধবার রাতে বউ বাজার সোনারং ব্রীজের নিচে তিন/চার জন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে হাদি’র অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
হাদি’র বিরুদ্ধে হাজারীবাগ এবং লালবাগ থানায় তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলাসহ আটটি মামলা রয়েছে।
বিডিনিউজের বাগেরহাটের প্রতিনিধি জানায়, জেলার মোড়েলগঞ্জের বারুইখালী নদীর পাড়ে বৃহস্পতিবার ভোরে থানা ও ডিবি পুলিশের সাথে ক্রসফায়ারে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত সর্দার নিহত হয়েছে।
বাগেরহাটের নিহত ডাকাত সর্দারের নাম মাহাবুবুর রহমান ওরফে মহি (৩৫)। সে দীর্ধদিন ধরে সুন্দরবন ও বঙ্গোপসাগরে জেলে ও বাওয়ালীদের নৌকা ডাকাতি ও অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।
পুলিশ জানায়, বুধবার সকালে পুলিশ ডাকাত সর্দার মাহাবুবুরকে বারুইখালী নদীতে একটি নৌকায় তল্লাশী চালিয়ে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী এবং অস্ত্র ভান্ডার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে বারুইখালী নদীতে অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে । পুলিশও পাল্টা গুলি চালায়।
এসময় পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে মহি ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি রিভলবার ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে। মহি’র বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় দুটি হত্যা ও দুটি ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।
