২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নির্বাচনে বাংলাদেশ বিপুল ভোটে জয়ী

নিউইয়র্কে জাতিসংঘের নবগঠিত মানবাধিকার কাউন্সিলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিপুল ভোটে জয়লাভ করেছে। সরকারের পক্ষ থেকে বুধবার এ খবর জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 10:01 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এ বিজয়কে বাংলাদেশের ‘উচ্চ পর্যায়ের মানবাধিকার পরিস্থিতির প্রমাণ ও শক্তিশালী আন্তর্জাতিক স্বীকৃতি’ বলে আখ্যায়িত করেছেন।

আর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার কাউন্সিলের নির্বাচনকে সাম্প্রতিককালে জাতিসংঘের অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে আখ্যায়িত করেছে।

বাংলাদেশসহ এশিয়ার মোট ১৩টি রাষ্ট্র এই মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯১টি ভোটের মধ্যে বাংলাদেশ ১৬০টি ভোট পেয়ে নতুন এই মানবাধিকার কাউন্সিলের সদস্য হওয়ার যোগ্যতা লাভ করে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে ভারত ১৭৩টি ও শ্রীলংকা ১২৩টি ভোট পেয়ে  মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ লাভ করেছে। এশিয়ার নির্বাচিত অন্য রাষ্ট্রগুলো হচ্ছে- ইন্দোনেশিয়া (১৬৫ ভোট), মালয়েশিয়া (১৫৮ ভোট), জাপান (১৫৮ ভোট), কোরীয় প্রজাতন্ত্র (১৪৮ ভোট), চীন (১৪৬ ভোট), জর্ডান (১৩৭ ভোট), ফিলিপাইন (১৩৬ ভোট), বাহরাইন (১৩৪ ভোট) এবং সৌদি আরব (১২৬ ভোট)।

এবারের নির্বাচনে জয়ের জন্যে জাতিসংঘের সাধারণ পরিষদের মোট ১৯১টি ভোটের মধ্যে ন্যুনতম ৯৬টি ভোটের প্রয়োজন হয়েছে। তবে এশিয়ার মধ্যে থাইল্যান্ড, লেবানন, কিরগিজস্তান, ইরান ও ইরাক এই নুন্যতম ভোটও অর্জন করতে পারেনি।

ক্ষমতাসীন বিএনপি’র নির্বাচনী ইশতেহারে স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের কথা থাকার পরও মেয়াদের চার বছর পেরিয়ে গেলেও উক্ত কমিশন কেন গঠন করা হয়নি সে সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সে সম্পর্কে আমি কিছু বলতে পারবো না।

মানবাধিকার কাউন্সিল সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি দেশের যা যা প্রয়োজন তা করার অধিকার সে দেশটির রয়েছে।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. ইফতেখার আহমেদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, এই বিজয় বাংলাদেশ ও বাংলাদেশীদের জন্য একটি অনন্য অর্জন।

ড. ইফতেখার বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের ওপর অর্পণ করা হয়েছে। এ জন্য আজ বাংলাদেশী হিসেবে আমাদের সকলের গর্ব করা উচিত। কাজের মাধ্যমেই আমাদের আন্তর্জাতিক বিশ্বে প্রমাণ করতে হবে, আমরা এই গুরুদায়িত্ব পালনে সক্ষম।

২০০৫ সালে নিউইয়র্কে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক মোট ৪৭ জন সদস্যের নবনির্বাচিত এই মানবাধিকার কাউন্সিল মানবাধিকার কমিশনের স্থলাভিষিক্ত হবে। ইতিমধ্যে ৪৪টি দেশকে নির্বাচিত করা হয়েছে। ১১ মে পূর্ব ইউরোপ থেকে আরো তিনটি দেশকে মনোনীত করা হচ্ছে বলে জানা গেছে।

নতুন এই মানবাধিকার কাউন্সিলের নির্বাচনকে জাতিসংঘের সার্বিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবেও বিবেচনা করা হচ্ছে। জেনেভাকেন্দ্রিক নতুন এই মানবাধিকার কাউন্সিল আগামী ১৯ জুন প্রথম বৈঠকের মধ্য দিয়ে কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।