২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের সীমায় ঢুকে পড়েছে ভারত, মায়ানমার

গভীর সমুদ্রে বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধান কাজে বিলম্বের সুযোগে ভারত এবং মায়ানমার বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

পেট্রোবাংলার এটি সূত্র জানায়, ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সমুদ্রসীমার বিপুল এলাকাসহ আন্দামান দ্বীপপুঞ্জের কিছু অংশ নিয়ে কয়েকটি ব্লক সৃষ্টি করেছে। আর এটিতে অনুসন্ধান কাজ শুরুর জন্যে তারা ৬ষ্ঠ রাউন্ড বিডিংও আহ্বান করেছে।

অপরদিকে বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ব পাশে মায়নামার ঢুকে পড়ে আন্দামান পর্যন্ত একটি রেখা টেনে তেল গ্যাস অনুসন্ধান শুরুর প্রস্তুতি নিতে যাচ্ছে।

সূত্র আরো জানায়, এ পরিস্থিতিতে বাংলাদেশ নতুন কোনো সাইসমিক সার্ভে না করেই গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্যে ৩য় দফা বিডিং আহ্বান করতে যাচ্ছে। এর প্রস্তুতি দ্রুত শেষ করার জন্যে বুধবার জ্বালানি বিভাগ থেকে পেট্রোবাংলাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ, ভারত এবং মায়ানমারের মধ্যে এখনো সমুদ্রের আন্তর্জাতিক সীমা রেখা নির্ধারিত হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে। আর সেই বিষয়কে বিবেচনায় রেখে পেট্রোবাংলা গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্যে এক লাখ বর্গ কিলোমিটার এলাকায় ২০টি নতুন ব্লক সৃষ্টির খসড়া করেছিল। তা সরকারের অনুমোদন পায়নি।

এদিকে বসে থাকেনি ভারত এবং মায়ানমার। ভারত বাংলাদেশের সমুদ্রের পশ্চিম পাশ, অর্থাৎ ২১ নং ব্লকের পাশে বাংলাদেশ এলাকায় ঢুকে পড়ে আন্দামান পর্যন্ত একটি রেখা সৃষ্টি করেছে। এই রেখা বাংলাদেশের গভীর সমুদ্রের অনেক ভেতরে চলে এসেছে বলে জানা গেছে।

একইভাবে মায়নামার বাংলাদেশের ১৮ নং ব্লকের পাশে ঢুকে পড়ে উত্তর--পশ্চিম দিক বরাবর একটি রেখা টেনেছে। সেটিও বাংলাদেশের গভীর সমুদ্রের একটি বড় অংশ গ্রাস করেছে বলে জানা গেছে।

পেট্রোবাংলার বিভিন্ন সূত্র ঘটনার সত্যতা স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

জ্বালানি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, ঘটনা সত্য। তবে ভারত এবং মায়ানমার বাংলাদেশের কী পরিমাণ এলাকায় ঢুকে পড়েছে, তা এখনো নিশ্চিত নয়।

পেট্রোবাংলার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ভারত এবং মায়ানমার আমাদের সমুদ্র সীমার যে অংশে ঢুকে পড়ে হাইড্রোকার্বন ব্লক সৃষ্টি করেছে, সে অংশটি খুবই সম্ভাবনাময়। ইতোমধ্যে ভারত এবং মায়ানমার এর পাশে বিপুল গ্যাসের মজুদ পেয়েছে।