২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেবপুরের মুক্তিযোদ্ধা হাসেম হত্যা মামলার রায়ে ১ জনের ফাঁসি ও ৯ জনের যাবজ্জীবন

গাজীপুর জেলার জয়দেবপুরের মুক্তিযোদ্ধা কাজী মাহমুদ হোসাইন হাসেম হত্যা মামলার রায়ে আদালত ১ জনকে মৃত্যুদন্ড, ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড ও অপর দুই আসামীকে খালাসের রায় দিয়েছেন আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মোঃ ফিরোজ আলম মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

এছাড়াও যাবজ্জীবন দন্ড প্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি আপেল জেল হাজতে রয়েছে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত  সাখাওয়াৎ মোল্লা জুয়েল, হিরো, সাহাদত হোসেন রুবেল, মোমেন ও সাগর হাজতে এবং ইলিয়াস, আজাদ ও হুমায়ুন পলাতক রয়েছে।

মামলার রায়ে খালাসপ্রাপ্তরা হলো ইসমাঈল হোসেন মোল্লা (হাজতী) এবং নূরুন্নবী (হাজতী)।

২০০৪ সালের ২৮ এপ্রিল প্রকাশ্য দিবালোকে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাবেক সংসদ সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসানের ছোট ভাই মুক্তিযোদ্ধা হাসেমকে অভিযুক্তরা কুপিয়ে হত্যা করে।

ওইদিনই নিহতের ভাই কাজী মাহমুদ হাসান জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারকালে ৩৭ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়।

এদিকে রায়ে হত্যার হুকুমদাতা ঈসমাইল হোসেন মোল্লাকে খালাস দেওয়ার পর আদালতে ব্যাপক হৈচৈ এবং বিক্ষোভ মিছিল করা হয়।

মামলার বাদী বলেন, তিনি এ রায়ে সন্তুষ্ট নন, তাই আপীল করবেন। এছাড়া মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নূরুল ইমাম বাবুল বলেন, তিনিও এ রায়ে সন্তুষ্ট না। হত্যার নির্দেশদাতা আসামীকে খালাস দেওয়ার ঘটনায় তিনি বিস্মিত।