২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেড ইউনিয়ন দলবাজীর শিকার, তাই শ্রমিক অধিকার রক্ষা হচ্ছে না: বিল্স’র আলোচনায় বক্তারা

ট্রেড ইউনিয়ন আন্দোলন দলবাজীর শিকার হয়ে পড়েছে বলেই কার্যকরী শ্রমিক আন্দোলন গড়ে উঠছে না। মূলত মাঠে এখন ট্রেড ইউনিয়ন আন্দোলন নেই। এটি এখন কেবল সেমিনার-সিম্পোজিয়ামে আটকা পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 06:51 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ’র (বিল্স) উদ্যোগে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

বিল্স’র উপদেষ্টা সফিকুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী। এতে শ্রমিক লীগ সভাপতি শাজাহান খান এমপি, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের রায় রমেশ চন্দ্র, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল বাশার, বিল্স’র ভারপ্রাপ্ত মহাসচিব জাফরুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

এতে বক্তারা বলেন, মহান মে দিবসের ১২০ বছর পরও বাংলাদেশে শ্রমিকদের আট ঘন্টা কাজ, ন্যূনতম মজুরি, নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি হয়নি। শ্রমিকদের অধিকার রক্ষায় যে টুকু শ্রম আইন আছে, তারও কোনো বাস্তবায়ন নেই।

তারা আরো বলেন, একের পর এক গার্মেন্টস শিল্প কারখানায় দুর্ঘটনা ঘটেই চলেছে। এর যেনো কোনো প্রতিকার নেই। সরকার শুধু লোক দেখানো তদন্ত কমিটি করেই খালাস। কিন্তু দোষিদের বিচার হয় না। প্রকাশ হয় না তদন্ত রিপোর্ট।

বক্তারা বলেন, গার্মেন্টসে নারী শ্রমিকদের অবস্থা আরো ভয়াবহ। নাম মাত্র বেতনে কাজ করা ছাড়াও কর্মক্ষেত্রে তাদের নানা ধরনের যৌন হয়রানীর শিকার হতে হয়। এছাড়া নারী শ্রমিকদের কোনো প্রসূতিকালীন ছুটিও নেই।

সভায় ১৩টি জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।