২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকের মরদেহ নিয়ে বিক্ষোভ

চট্টগ্রামে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকরা মঙ্গলবার তাদের এক প্রয়াত সহকর্মীর মরদেহ বহন করে তার পরিবারের একজনকে নিয়োগ দানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সড়ক ও জনপথ বিভাগের শতাধিক অস্থায়ী শ্রমিক তাদের সহকর্মী খোরশেদুল আলমের কফিন নিয়ে মঙ্গলবার সকালে রহমতগঞ্জের কার্যালয়ে ওই বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের চাকরির মেয়াদ ৩০ বছর পার হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তাদের নিয়োগ স্থায়ী না করায় সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্দেশে উত্তেজিত ভাষায় গালিগালাজ করে।

এক পর্যায়ে শ্রমিকরা কফিনটি অতিরিক্ত প্রকৌশলী সাইফুদ্দিন খালেদের কার্যালয়ের কক্ষে নিয়ে যায়।

সড়ক ও জনপথ বিভাগের ফটিকছড়ি অঞ্চলে দীর্ঘ ২৫ বছর চাকরিরত অস্থায়ী শ্রমিক খোরশেদ আলম (৫৩) অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার রাতে মারা যায়।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা মৃতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নিশ্চয়তা দানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শ্রমিকরা অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগে দেশব্যাপী প্রায় সাত হাজার অস্থায়ী শ্রমিক কর্মরত রয়েছে। এমনকি এদের মধ্যে অনেকেরই চাকরির মেয়াদ ৩০ বছর পার হলেও মৃত্যুর আগ পর্যন্ত চাকরি স্থায়ী করা হয় না।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দীর্ঘ চাকরি জীবনে পরিবারের জন্যে কিছুই না রেখে যাওয়ায় শোকাহত পরিবারের সদস্যরা বর্তমানে মানবেতর দিন কাটাচ্ছেন।