বাংলাদেশ থেকে আরো জনশক্তি আমদানি করবে মালদ্বীপ
বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি আমদানি এবং আকাশ ও সমুদ্রপথে সরাসরি যোগাযোগ স্থাপনে সুস্পষ্ট আগ্রহ ব্যক্ত করেছে মালদ্বীপ।
এছাড়া মালদ্বীপ বাংলাদেশের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের ব্যাপারেও তাদের আগ্রহ জানিয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আহমেদ শাহিদ এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের মধ্যে মঙ্গলবার ঘন্টাব্যাপী এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে ড. শাহিদ জানান।
তিনি বলেন, আমাদের আলোচনায় নির্দিষ্ট কোনো বিষয় ছিল না। সার্ক এবং অন্যান্য আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।
তিনি জানান, বর্তমানে প্রায় ১২ হাজার বাংলাদেশী মালদ্বীপে কর্মরত রয়েছেন। তাদের সম্পর্কে ভালো ধারণা পাওয়ার পর দ্বীপ রাষ্ট্রটি বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি আমদানির ব্যাপারে উৎসাহিত হয়েছে।
ড. শাহিদ বলেন, আমরা দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করতে পারি এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আরো বাড়বে বলে আমরা আশা করছি।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান জানান, আকাশপথে এবং সমুদ্রপথে মালদ্বীপ ও বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপনের ব্যাপারে দু’ দেশের সরকারেরই ইতিবচাক মনোভাব রয়েছে।
সার্কের বর্তমান চেয়ারপার্সন হিসেবে বাংলাদেশের ভূমিকার ব্যাপারে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী প্রশংসা করেন।
