রাজশাহীতে সাড়ে ৭ হাজার বোতল ভারতীয় ফেনসিডিলসহ দু’টি ট্রাক আটক
নওগাঁর মান্দা থানা থেকে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ১টায় সাড়ে সাত হাজার বোতল ভারতীয় ফেনসিডিলসহ দু’টি ট্রাক আটক করেছে।
মান্দা থানার টহল পুলিশ নওগাঁ--রাজশাহী মহাসড়কের সতীহাটের নীলকুঠি নামক স্থান থেকে ফেনসিডিলসহ ট্রাক দু’টি আটক করে। উদ্ধারকৃত ভারতীয় ফেনসিডিলের মূল্য প্রায় আট লাখ টাকা।
পুলিশ জানায় , সতীহাটের নীল কুঠি নামক স্থানে গভীর রাতে ট্রাক দুটি দাঁড়িয়ে থাকতে দেখে টহল পুলিশের সন্দেহ হয়। পুলিশ এগিয়ে এলে ট্রাকের লোকজন পালিয়ে যায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল ও দুটি ট্রাক (ঢাকা মেট্রো--১৪--২৬৯৯) ও (ঢাকা মেট্রো-ট--১১--০৫৭১) আটক করে।
পুলিশের ধারণা রাজশাহী অথবা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে নিয়ে আসা ভারতীয় ফেনসিডিলগুলো দেশের অন্যত্র পাচারের জন্যে এক ট্রাক থেকে অন্য ট্রাকে তোলা হচ্ছিল। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো ভারতের গুজরাট প্রদেশের নিকোলাস কোম্পানির বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে মান্দা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
