‘ভুয়া’ ভোটার তালিকার প্রতিবাদে জাসদের বিক্ষোভ
নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকাকে ‘ভুয়া’ উল্লেখ করে ভোটার তালিকা প্রণয়নের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সোমবার রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করে।
এ উপলক্ষে জিপিও’র সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দানকালে জাসদ নেতৃবৃন্দ বলেন, নতুন ভোটার তালিকা সংবিধান ও আইনের পরিপন্থী এবং সর্বোচ্চ আদালতের নির্দেশ বিরোধী।
বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকার আগামী নির্বাচনে কারচুপির নীলনকশা হিসেবে এই ভোটার তালিকা প্রণয়ন করেছে।
ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ নেতা সৈয়দ জাফর সাজ্জাদ, শিরীন আখতার, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, আনোয়ারুল ইসলাম বাবু, রোকনুজ্জামান, কাজী সিদ্দিকুর রহমান এবং সৈয়দ মোতালেব হোসেন প্রমুখ।
