২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ২ বিচারক হত্যা মামলা: শায়খ রহমান, বাংলাভাইসহ ৭ আসামীকে হাজির, ৪ জনের সাক্ষ্য গ্রহণ

ঝালকাঠিতে দু বিচারক হত্যামামলায় চলমান স্বাক্ষ্য গ্রহণের সপ্তম দিনে সোমবার পুনরায় একজনের সাক্ষ্যসহ চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এসময় ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) এর শীর্ষ নেতা শায়খ রহমান, সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাইসহ সাতজনকে ঝালকাঠি আদালতে হাজির করা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 04:11 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা তারিক বেলা পৌনে ১১টা থেকে প্রায় দুঘন্টাব্যাপী সাক্ষ্য গ্রহণ করেন।

স্বাক্ষ্য গ্রহণের শুরুতেই ঢাকা মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ার ১৬৪ ধারায় (ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়) ঘাতক মামুনের ৯ পাতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে উপস্থাপন করেন।

এ সময় জেএমবির সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাই ম্যাজিস্ট্রেটকে প্রশ্ন করেন- মামুন জবানবন্দিতে তার নাম বলেছিল কিনা?

ম্যাজিস্ট্রেট বাংলা ভাইকে পাল্টা প্রশ্ন করেন- ‘আপনার নাম কি?’ পরে ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়ানো বাংলা ভাইসহ অন্যান্যদের জবানবন্দি পড়ে শোনান।

জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে- মামুন জেএমবির শীর্ষ নেতাদের নির্দেশে ঝালকাঠিতে বিচারকদের ওপর হামলা চালায়।

এসময় বাংলা ভাই জবানবন্দি সম্পর্কে মামুনকে জেরা করতে চাইলে আদালতের বিচারক তা প্রত্যাখান করেন।

এছাড়া তৎকালীন ওসি, বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজের চিকিৎসক হাবিবুর রহমান এবং ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক নওশের আলী পুনরায় সাক্ষ্য প্রদান করেন। মঙ্গলবার এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এ পর্যন্ত এ মামলায় আদালতে ৫৩ জনের মধ্যে ৪৩ জন সাক্ষ্য প্রদান করেছেন।

ইসলামী জঙ্গি সংগঠন জেএমবি গত বছরের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা বিস্ফোরণসহ বোমা হামলা চালিয়ে ঝালকাঠিতে দু বিচার হত্যা ছাড়াও গাজীপুর ও চট্টগ্রামে আদালত চত্বরে বোমা হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে।