ঝিনাইদহে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থি কমান্ডার নিহত
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার যাদবপুর গ্রামের মাঠে সোমবার ভোরে চরমপন্থি সংগঠন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে।
নিহত চরমপন্থির নাম আতিয়ার ওরফে পলাশ (৪৫)। সে শৈলকুপা উপজেলার হুদা মাইলমারি গ্রামের মৃত সবদুল ম-লের ছেলে।
পুলিশ জানায়, আতিয়ার গাড়াগঞ্জ এলাকা থেকে পুলিশ শনিবার রাতে আতিয়ারকে গ্রেপ্তার করে।
আতিয়ারের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রাত সোয়া ১ টায় যাদবপুর গ্রামের মাঠে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আতিয়ারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিটব্যাপী গুলি বিনিময়ের সময় আতিয়ার পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত আতিয়ারের বিরুদ্ধে তিনটি হত্যা ও অপহরণসহ ছয়টি মামলা আছে।
