২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ, নারায়নগঞ্জ ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: নিহত ১০ জন, আহত ৩৩

সিরাজগঞ্জ, নারায়নগঞ্জ ও ফরিদপুর  জেলায় রোববার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়। এ সব দুর্ঘটনায় আহত হয় ৩৩ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 07:02 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজের জেলা প্রতিনিধিরা এসব তথ্য জানান।

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতুর (পশ্চিম) সংযোগ সড়কের পাঁচলিয়ার আলোকদ্বিয়া নামক স্থানে সকালে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত ও  অপর তিনজন আহত হয়।

জানা যায়, বরযাত্রী বোঝাই একটি টেম্পো কনের বাড়ি থেকে ফেরার পথে ঢাকা থেকে বগুড়াগামী একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে টেম্পোটি খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চার জন নিহত হয়। নিহতরা হচ্ছেন: সলঙ্গা থানার এড়ানদহ গ্রামের টেম্পো চালক নুর ইসলাম (২৫), সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার আব্দুল মালেকের পুত্র বুলবুল (১৮) ও নুরুল হকের পুত্র আব্দুল মমিন (১৮), মালশাপাড়া গ্রামের আব্দুল মজিদের পুত্র মুরাদ (২৫) এবং মাছিমপুর এলাকার বাহার আলম (৬৫)।

বর মাহবুবুল কবির, কনে মমতা এবং কনের দাদী মজিলা খাতুনকে (৭০) সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। 

এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখি বাজারের কাছে ঢাকা - সিলেট মহাসড়কে একইদিন সকাল ৯ টার দিকে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়।

জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে হবিগঞ্জ থেকে ঢাকাগামী বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটাস্থলেই নিহত হয় তিনজন। নিহত কারো পরিচয় পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ক্রেন দিয়ে বাসটি টেনে তোলার চেষ্টা চালালে রাস্তার উভয় পাশে আটকা পড়ে বহুসংখ্যক যানবাহন ।

এছাড়া ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় গ্রামে রোববার সকালে বাস - ট্রাকে মুখোমুখি সংঘর্ষে টুঙ্গীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার ব্যক্তিগত গাড়ির চালক নিহত হয়।

নিজ গাড়িতে করে উপজেলা নির্বাহী কর্মকর্তা  আলমগীর কবির খান ঢাকা থেকে টুঙ্গীপাড়ায় তার কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। গাড়ি চালকের নাম আব্দুল কাদের বিশ্বাস।