২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে হেরোইন পাচার: সন্দেহভাজন বাশার যশোরে গ্রেপ্তার

ব্রিটেনে কোটি কোটি টাকা মূল্যের হেরোইন পাচারের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত আবুল বাশার ওরফে সেলিমকে পুলিশের বিশেষ দল শনিবার যশোর থেকে গ্রেপ্তার করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব), সিআইডি ও পুলিশের বিশেষ দল শনিবার ভোরে  শহরের শঙ্করপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়। সে বিডি ফুডসের সহযোগী প্রতিষ্ঠান গ্রিন হ্যাভেনের মালিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে র‌্যাব সদরদপ্তরের উপ--পরিচালক মেজর ওয়াসিউল হাসান চৌধুরী, সিআইডির বিশেষ সুপার ইব্রাহীম ফাতেমী এবং যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মতিউর রহমানের নেতৃত্বে বিশেষ দলের সদস্যরা শহরের হেরোইনপট্টি হিসাবে চিহ্নিত শঙ্করপুরে অভিযান চালিয়ে বাশারকে গ্রেপ্তার করেন। সে মুন্সীগঞ্জ জেলার কাজীর পাগলা গ্রামের বাসিন্দা।

রপ্তানিকারক প্রতিষ্ঠানের নামে বাংলাদেশ থেকে ব্রিটেনে কোটি কোটি টাকা মূল্যের হেরোইন পাচার হচ্ছে বলে ঢাকাস্থ ব্রিটিশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিযোগ করার পর নিরাপত্তা বাহিনী জড়িতদের গ্রেপ্তার করতে কাজ শুরু করে।

খোঁজখবর নিয়ে গোয়েন্দারা জানতে পারেন, বিডি ফুডসের পাঁচটি সহযোগী প্রতিষ্ঠান ব্রিটেনে হেরোইন পাচারের সাথে জড়িত।

বিশেষ দল ইতোমধ্যে বিডি ফুডসের সহযোগী প্রতিষ্ঠান কিং অ্যান্ড কোম্পানির ম্যানেজার নাজমুল হায়দার ভূইয়াকে গ্রেপ্তার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী বিশেষ দল জানতে পারে গ্রিন হ্যাভেন নামে বিডি ফুডসের আরেকটি সহযোগী প্রতিষ্ঠানের মালিক বাশার ব্রিটেনে হেরোইন পাচারের অন্যতম হোতা।