ইসলামী ঐক্যজোটের একাংশ জোট সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করলো
চার খণ্ডে বিভক্ত ইসলামী ঐক্যজোটের একাংশ জোট সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। সম্পর্ক ছিন্নকারী অংশটি বাংলাদেশ ইসলামী ঐক্যজোট নামে একটি রাজনৈতিক দল হিসেবে শনিবার আত্মপ্রকাশ করে।
ওই অংশের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ এ ঘোষণা দেন। এ সময় তিনি সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের ১৯ দফা দাবি উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম খান, মোখলেছুর রহমান তালুকদার, অতিরিক্ত মহাসচিব মনিরুজ্জামান রব্বানী, ফিরোজ আহমদ, গোলাম মোক্তাদির মাদানী প্রমুখ।
মিসবাহুর রহমান চৌধুরী জোট সরকারের বিরুদ্ধে ব্যর্থতা, দুর্নীতি, লুটপাটের এন্তার অভিযোগ আনেন। তিনি জামায়াতকে ‘ইসলামের ক্যানসার’ হিসেবে উল্লেখ করে বলেন, জামায়াতী ঘুন পোকার কবল থেকে দেশবাসীকে মুক্ত করাই আমাদের লক্ষ্য।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দল ১৪ দলীয় জোটে যাওয়ার ব্যাপারে যোগাযোগ করছে। ১৪ দলের পক্ষ থেকে কিছু বিষয়ে স্পষ্ট মতামত পেলেই তারা ১৪ দলে যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে ঘোষিত ১৯ দফা দাবির মধ্যে রয়েছে: সরকারের মন্ত্রিসভা থেকে দুই যুদ্ধাপরাধী মন্ত্রীকে অপসারণ, বিচার বহির্ভূত সকল হত্যাকা-ের তদন্ত ও বিচার, প্রধান নির্বাচন কমিশনার ও দুজন কমিশনারকে অপসারন এবং নির্বাচন কমিশন সচিবালয়কে কমিশনের অধীনে ন্যস্ত, নতুন ভোটার তালিকা বাতিল, যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদকে বাদ দিয়ে সংস্কার আলোচনা করা - ইত্যাদি।
সংবাদ সম্মেলন থেকে এসব দাবির সমর্থনে আগামী ১৫ মে থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপি গণসংযোগ এবং ২৭ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
