দিনাজপুরের ধানজুড়ি কুষ্ঠ হাসপাতালে ১২ হাজার কুষ্ঠ রোগীর অরোগ্য লাভ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ধানজুড়ি কুষ্ঠ হাসপাতাল প্রতিষ্ঠার পর প্রায় ১২ হাজার কুষ্ঠ রোগী সুস্থ হয়েছে। শনিবার হাসপাতাল সূত্র একথা জানায়।
হাসপাতালের ইনচার্জ বার্নাবাজ মুরমু বিডিনিউজকে বলেন, এই হাসপাতালের প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার কুষ্ঠ রোগী সনাক্ত করা হয়েছে এবং তার মধ্যে প্রায় ১২ হাজার কুষ্ঠ রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে।
বর্তমানে হাসপাতালটিতে আধুনিক সুবিধার পাশাপাশি বহিরাগত কুষ্ঠ রোগী বৃদ্ধির কারণে কুষ্ঠ নিরাময় কেন্দ্রটি ৭০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করা হয়েছে।
১৯২৭ সালে উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার উত্তর-পূর্বদিকে ধানজুড়িতে রাজশাহী বিভাগের একমাত্র কুষ্ঠ রোগ নিরাময় কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়।
কুষ্ঠ প্রতিরোধ অফিসার ডেভিড বাঙ্কে বিডিনিউজকে জানান, দিনাজপুর সদর হাসপাতালসহ ১৩টি উপজেলায় ১৭টি উপকেন্দ্রের মাধ্যমে কুষ্ঠ রোগী সনাক্ত করা হয়।
কুষ্ঠ রোগী সনাক্ত করার পর, তারা নিজেদের খরচে তাদের হাসপাতালে নিয়ে যায় এবং বিনা খরচে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
