এমপি’র কারণেই স্থানীয়দের শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় পরিণত
পানি, বিদ্যুত এবং গ্যাসের দাবিতে সাধারণ জনগণের একটি শান্তিপূর্ণ আন্দোলন বিএনপি’র এমপি সালাউদ্দিন আহমেদের বাজে ভাষায় গালাগালি এবং হুমকির কারণে সহিংসতায় রূপ নিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা মন্তব্য করেছে।
তারা জানায়, এসময় ওই এমপি আইনরক্ষাকারী বাহিনীকে আন্দোলনরত জনগণের উপর গুলি চালাতে বাধ্য করেন। এ কারণেই জনতা সহিংস হয়ে ওঠে এবং তারা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সারা দিনব্যাপী এই সংঘর্ষে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়ে।
তাদের ধারনা স্থানীয় এমপি যদি শান্তভাবে এলাকাবাসীর দাবি দাওয়ার কথা শুনতেন এবং তা পূরণের আশ্বাস দিতেন তাহলে পরিস্থিতি এদিকে গড়াতো না।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনির আখড়ায় ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে সকাল সাড়ে ৭টায় শত শত জনগণ পানি এবং বিদ্যুতের দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা এসময় যানবাহন থামিয়ে দিয়ে রাস্তা অবরোধ করে রাখে।
“পরে সকাল ১০টার দিকে এমপি ওই স্থানে তার দলবল নিয়ে হাজির হয়ে জনগণকে বাজে ভাষায় গালাগালি করতে শুরু করেন। তিনি প্রতিবাদরত জনগণকে তাদের আন্দোলন ছেড়ে ওই স্থান ত্যাগ করার কথা বলেন এতে জনগণ এমপির উপর ক্ষেপে যায়”, স্থানীয় নূরপুর জামে মসজিদ কমিটির সদস্য শহিদুল ইসলাম জানান।
তিনি বলেন, “এমপি এসময় জনগণকে হুমকি দেন আন্দোলন করে দাবিদাওয়া আদায় করা না।
এলাকার অধিবাসী মোহাম্মদ ওমর ফারুক অভিযোগ করেন বলেন, ডেমরা জোন পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার (এসি) আন্দোলনরত জনগণের উপর চড়াও হতে রাজি না হওয়ায় এমপি তাকে চড় মারেন।
তিনি আরও অভিযোগ করেন পুলিশ যখন জনগণের ওপর চড়াও হতে রাজি হয়নি তখন এমপি সালাউদ্দিন তার দেহরক্ষীকে জনতার উদ্দেশ্যে গুলি চালানোর নির্দেশ দেন। তখন দেহরক্ষী এমপি’র পিস্তল দিয়ে চার রাউন্ড গুলি চালায়।
এ ঘটনায় উত্তেজিত জনতা এমপির ওপর চড়াও হয় এবং এতে তিনি আহত হন। এ অবস্থায় পুলিশ জনতার ওপর হামলা চালায় এবং বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে কয়েকজন বিক্ষুব্ধ জনতা আহত হয়।
স্থানীয়রা অভিযোগ করে, এমপি পূত্র রাসেল ‘জিয়া স্বরণী’ তে একটি বড় বাড়ি তৈরি করে রাস্তা বন্ধ করে রেখেছে যে কারণে তিন বছর যাবত ওই এলাকার জনগণ সমস্যয় ভুগছে। তারা জানায়, কেউ প্রতিবাদ করলে বা ওই বাড়ি সরানোর ব্যাপারে অনুরোধ জানাতে গেলেই তারা নির্যাতনের শিকার হয়।
