২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসরীন হকের মৃত্যুর ঘটনায় গাড়ি চালককে ৫দিনের রিমান্ডে

অ্যাকশন এইড এর বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর নাসরীন হকের মৃত্যুর ঘটনায় তার গাড়ির চালক জাকিরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গাড়ি দুর্ঘটনায় ২৪ এপ্রিল নাসরিন হক মর্মান্তিকভাবে নিহত হন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

রাজধানীর পল্লবী এলাকা থেকে পলাতক অবস্থায় বুধবার জাকিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন

ধানমন্ডি থানার এসআই এবং ওই ঘটনার তদন্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, জাকিরকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা বলেন, ওই ঘটনার জন্যে জাকির দায়ী। কিন্তু এটা স্পষ্ট নয় যে ঘটনাটি নাসরীন হককে হত্যার উদ্দেশেই ঘটেছে কি না।

তিনি বলেন, ঘটনার পর আমি তদন্ত শুরু করি। তদন্ত অনুসারেই পুলিশ তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়।

তবে নাসরীন হকের কোনো আত্মীয় স্বজন তার মৃত্যুর পর কোনো মামলা করেননি। এ ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ একটি সাধারণ ডাইরি করে।

প্রধান মেট্রোপলিটন আদালতের অনুমতি নিয়ে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।

তদন্ত কর্মকর্তা বলেন, ময়না তদন্ত ছাড়া দাফন করা তদন্ত কাজে কোনো ব্যাঘাত ঘটাবে না।

এর আগে ঘটনার তদন্তে অ্যাকশন এইড একটি কমিটি গঠন করে। ওই কমিটি ৬ মে তাদের রিপোর্ট পেশ করবে।

নাসরীন হক গাড়ির জন্যে অপেক্ষা করার সময় নিজের গাড়ির চাপাতেই নিহত হন।