২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের একটা মেয়াদ যথেষ্ট নয়: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে বিদ্যুত সংকটের কথা স্বীকার করে বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেছেন, দেশে বর্তমানে বিদ্যুতের ঘাটতি রয়েছে, কিন্তু বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের একটা মেয়াদই যথেষ্ট নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

তিনি জানান, ঘাটতি নিরসনে সরকার যেসব নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে তা বাস্তাবায়িত হলে সংকট কমে আসবে তবে লোডশেডিং থাকবে।

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি পৃথক পৃথক দুটি প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আওয়ামী লীগের মির্জা আজম একটি বিশেষ ভবনের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের তিন হাজার টাকার প্রতিটি পোল ২০ হাজার টাকায় ক্রয়ের মাধ্যমে ৯০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ করেন।

তিনি বিদ্যুত সংকট নিরসনে জোট সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুত খাতে ১৬ হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু তারা এক মেগাওয়াট বিদ্যুতও উৎপাদন করতে পারেনি। এ টাকা কোথায় গেছে, তা তিনি মন্ত্রীর কাছে জানতে চান।

জবাবে প্রতিমন্ত্রী পোলের ব্যবসার সাথে ওই বিশেষ ভবনের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, পোল ব্যাবসা নিয়ন্ত্রণ করেন আজকের কাগজের মালিক। তিনি কোন দল করেন তা সকলেই জানেন।

তিনি এ সময় ক্ষুব্ধ হয়ে বিরোধী দলের সদস্যদের প্রতি ইঙ্গিত করে বলেন, কাউকে আক্রমণ না করে সম্মান রেখে কথা বলা উচিত।

মোহাম্মদ আলী জিন্নাহর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুত উন্নয়ন বোর্ডের অধীনে বিভিন্ন উৎপাদন কেন্দ্রের মোট সাতটি ইউনিট বর্তমানে বিকল রয়েছে। এগুলো বর্তমানে সংস্কারের কাজ চলছে।

শাহজাহান চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমান বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ৪৩০০ মেগাওয়াট ও উৎপাদন হচ্ছে ৩২০০ থেকে ৩৪০০ মেগাওয়াট।

অ্যাডভোকেট ফেরদৌস আক্তার ওয়াহিদার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি খাতে বিদ্যুত উৎপাদনের জন্য যেসব প্রকল্প দেওয়া হয়েছে, সেখান থেকে ২০০৭ সাল নাগাদ উৎপাদন শুরু হবে।