বড় ধরনের ভূমিকম্পে ঢাকায় ৯৬ হাজার লোকের মৃত্যু ও ২৮ শতাংশ ভবন ধ্বংসের আশঙ্কা
রাজধানী ঢাকায় বড় ধরনের কোনো ভূমিকম্প রাতে আঘাত হানলে ৯৬ হাজার মানুষের মৃত্যু ও এক লাখ ২৭ হাজার লোক আহত এবং ২৮ শতাংশ ভবন ধ্বংস হবে বলে ভূমিকম্প বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।
আমেরিকার কলোরাডো বিশ্ববিদ্যালয়ের রোজেন বিলহান পরিচালিত এক গবেষণার কথা উল্লেখ করে বলা হয়, দক্ষিণ এশিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।
ঢাকায় বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটির (বিইএস) যৌথ আয়োজনে এক প্রেস মিট অনুষ্ঠানে এ ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি শফিকুল করিম, বিইএস সভাপতি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের অধ্যাপক ড. আফতাব আলম খান, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক আবু সাদেক। ভূমিকম্প বিশেষজ্ঞ ড. আলী আকবর মল্লিক, বিইএস সাধারণ সম্পাদক মেহেদী আহমেদ আনসারী এবং উন্নয়ন কর্মী মোহসীনুল খন্দকার বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চল তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে।
বক্তারা অভিযোগ করেন, রাজধানীর বহু ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করলে ভূমিকম্পে হতাহত কমানো যাবে।
দেশের অনেক স্থানে এখনো বিল্ডিং কোড পদ্ধতি আরোপ করা হয়নি।
বর্তমান বিল্ডিং কোড ধস থেকে জীবন বাঁচানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু ভূমিকম্প থেকে রক্ষা পেতে কী করা যায়, সেটি এতে নেই।
প্রফেসর জামিলুর বলেন, ভূমিকম্পের ঝুঁকিতে জনসচেতনতা বাড়াতে আমাদের কোনো প্রস্তুতি নেই।
ভূমিকম্প থেকে রক্ষা পেতে সঠিক ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করে ড. আফতাব বলেন, ভূমিকম্প মানুষ মারে না। ভবন ধসই মানুষের মৃত্যুর জন্যে দায়ী।
ড. মেহেদী বলেন, খুব কাছাকাছি ভবনগুলো নির্মাণ করায় ভূমিকম্পের পর উদ্ধার কাজ পরিচালনা করা কঠিন হয়ে যাবে।
তিনি দেশের ফায়ার বিগ্রেড সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ও প্রশিক্ষিত নয় বলেও উল্লেখ করেন।
ড. মল্লিক বলেন, রাজধানীর উঁচু ভবনগুলোর বেশিরভাগেরই কার পার্কিং জোন নিচ তলায়। সেখানে কোনো দেওয়াল না থাকায় ভূমিকম্পে খুব সহজেই তা ধসে পড়ার আশঙ্কা থাকে।
আবু সাদেক বলেন, সরকারকে এখন থেকেই দুর্যোগপূর্ব ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করতে হবে।
