২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়াকে তথ্য প্রদান ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নির্বাচন কমিশনের স্বাক্ষরবিহীন পত্র প্রেরণ ও চিঠি চালাচালির বিষয়ের প্রতিবাদ করে কমিশনে চিঠি লেখা এবং বিভিন্ন সময়ে মিডিয়াতে তথ্য প্রদনের কারণে অসদাচরণের অভিযোগ এনে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মীর মোহাম্মদ শাজাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া স্বাক্ষরিত ২ মে তারিখের স্মারক নং-নিকস/প্র-৩/ব্য-৪০/৯৩/৬৮ চিঠিতে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধি মালা ১৯৮৫ সালের ১১ ধারা মোতাবেক এ আদেশ জারির কথা বলা হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ভোটার তালিকা প্রনয়ণে হাইকোর্টে মামলা থাকায় নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে স্বাক্ষর, স্মারক নং- এবং তারিখ ছাড়াই জেলা নির্বাচন অফিসগুলিতে পত্র চালাচালি করে আসছিল। নির্বাচন কমিশনের স্বাক্ষরবিহীন প্রত্রের বিষয়ে গত ৩০ এপ্রিল লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা কমিশনকে একটি চিঠি পাঠান। এ বিষয়টি ছাড়াও বিভিন্ন সময় মিডিয়াতে তথ্য প্রদানের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে দায়িত্বশীল একটি সূত্র থেকে জানা গেছে।

সূত্র আরও জানায়, জেলা নির্বাচন অফিসারের পরিবর্তে ওই স্থানে সদর উপজেলার নির্বাচন অফিসার ফজলুল করিমকে জেলা নির্বাচন অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে। এ ব্যাপারে বুধবার ফজলুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেন।