আদিবাসী নেতা সত্যাবান হাজং হত্যাকাণ্ড: আসামীরা ঘুরছে প্রকাশ্যে, মামলা নিয়ে বিভ্রান্তি
নেত্রকোনা জেলার সুসং দূর্গাপুরের আদিবাসী নেতা সত্যবান হাজং হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পাহাড়ি - বাঙালি সবাই সোচ্চার। ওই নৃশংস হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামীরা কেউই ধরা পড়েনি।
সরেজমিনে সীমান্তের প্রত্যন্ত এলাকা গারো পাহাড় ঘুরে দেখা গেছে, সত্যবান হাজং হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আদিবাসীদের মধ্যে সৃষ্টি হয়েছে দ্বিধা - বিভক্তি। একটি মহল ওই হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রকৃত হত্যাকারীদের পাশাপাশি কয়েকজন নিরীহ আদিবাসীর নামও আসামীদের তালিকায় ঢুকিয়ে দিয়েছে।
মামলায় ফাঁসিয়ে দেওয়া স্বপন হাজং, সুমন হাজং, বটিশ্বর হাজং, প্রফুল্ল চন্দ্র হাজং, স্বপ্না দেবী রায়, যোগেশ্বর হাজং, দ্বীজেন্দ্র হাজং - এই সাতজন আদিবাসী এখন এলাকা ছাড়া। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, ২৩ এপ্রিল সত্যবান হাজংকে কয়েক দফায় পিটিয়ে খুন করেছে যে তিনজন মূল আসামী, সেই চৌকিদার রহিম, সুরুজ ও কাজীমুদ্দিন এখনো প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসন তাদের ধরতে তৎপর নয় বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ওয়াকিবহাল পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বিডিনিউজকে বলেন, সত্যবান হাজং হত্যাকে কেন্দ্র করে নিরীহ আদিবাসীরা যেন হয়রানির শিকার না হয়, সেদিকে প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। একই সঙ্গে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে।
সাবেক গেরিলা নেতা সন্তা লারমা বলেন, এই হত্যাকে কেন্দ্র করে কোনোভাবেই যেনো আদিবাসী ঐক্য ও সংহতি বিনষ্ট না হয়, সে জন্যে আমি সকল আদিবাসী ভাই -- বোনদের প্রতি আহ্বান জানাই।
ঘটনাস্থল পরিদর্শন করে গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য বিডিনিউজকে বলেন, সত্যবান হাজং এর প্রধান অপরাধ তিনি একজন আদিবাসী। তার দ্বিতীয় অপরাধ তিনি আদিবাসীদের নেতা হয়ে উঠেছিলেন। কোনোভাবেই এই হত্যা - নির্যাতন মেনে নেয়া যায় না।
তিনি অবিলম্বে এই হত্যার সুষ্ঠু বিচার ও নির্দোষ ব্যক্তিদের হয়রানি না করার দাবি জানান।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে নেত্রকোনা পুলিশ সুপার আলী হোসেন ফকির বিডিনিউজকে বলেন, হত্যার পর পরই আসামীরা সকলে গা ঢাকা দিয়েছে। কয়েক দফায় রেইড দিয়ে এখনো কাউকে ধরা যায়নি। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, কলমাকান্দা থানার মানিকপুর গ্রামের সত্যবান হাজং (৩২) হাজং উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক এবং ললিত - বিপীন হাজং ছাত্রাবাসের হোস্টেল সুপারের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে এলাকার প্রভাবশালীরা তার নেতৃত্ব মেনে নিতে পারেনি। তারাই সামাজিকভাবে হেয় করার জন্যে হত্যাকাণ্ডের মাস দুয়েক আগে সত্যবানের বিরুদ্ধে একজন আদিবাসী মেয়েকে ধর্ষণের মিথ্যা মামলায় জড়িয়ে দেয়। পরে তারা ওই মেয়েটিকে বিয়ে করার জন্যে তাকে বার বার চাপ দিয়েও সফল হয়নি। এ পর্যায়ে ২৩ এপ্রিল দিনে দুপুরে একই গ্রামের চৌকিদার রহিম, সুরুজ ও কাজীমুদ্দিন সত্যবান হাজংকে কয়েক দফায় পিটিয়ে খুন করে।
সত্যবানের মাসি মেমলী হাজং (৩৫) ও নরিলা হাজং (৩০) ভাঙা বাংলায় জানান, ওই দিন দুপুরে গুরুতর আহত সত্যবান তাদের বাড়িতে আশ্রয় নেয়। ওই সন্ত্রাসীরা আবারো সত্যবানকে তাদের বাড়ি থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু এতে সফল না হয়ে তারা মেমলী হাজং এর সঙ্গে অশোভন আচরণ করে ও নানা ভয় ভীতি দেখায়।
পরে ওই দিন সন্ধ্যায় সত্যবান আহত অবস্থাতেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যায় পূর্ব পরিচিত বারোমারি সীমান্তের বাসিন্দা এবলেন মারাক (৫০) এর বাড়িতে।
এবলেন মারাক বলেন, একগ্লাস পানি খাওয়ার পরই সত্যবান বমি করতে থাকে। পরে সে অচেতন হয়ে যায়। পরে আর জ্ঞান ফেরেনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাতৃজাগরনী বালিকা বিদ্যলয়ের প্রধান শিক্ষক পল্টন হাজং (৩৫) জানান, হত্যা মামলার আসামী হওয়ার পরেও চৌকিদার রহিম, সুরুজ ও কাজীমুদ্দিনকে এলাকায় ঘোরা ফেরা করতে দেখা যায়।
তিনি জানান, তবে যে আদিবাসী মেয়েটিকে জড়িয়ে নিহতর বিরুদ্ধে মিথ্যে ধর্ষণ মামলা দেওয়া হয়েছিলো, অনেকদিন আগে থেকেই সে এলাকা থেকে উধাও হয়ে গেছে।
নিহতের পিতা তুশিল হাজং আহাজারি করে পুত্র হত্যার বিচার দাবি করে বলেন, চৌকিদার রহিম, সুরুজ ও কাজীমুদ্দিন প্রত্যক্ষভাবে সত্যবানকে পিটিয়ে খুন করলেও মামলার আসামী হিসেবে হাজং সম্প্রদায়ের অন্য যে আসামীদের নাম তিনি মামলায় দিয়েছেন - তাদেরও সত্যবানকে খুন করার পেছনে ইন্ধন ছিলো।
তিনি বলেন, সত্যবান জনপ্রিয় আদিবাসী নেতা হিসেবে গড়ে উঠুক, এটি তারা কেউই চায়নি।
তবে আড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল হাজং বলেন, নেপথ্য হত্যাকারীরা মামলাটি নষ্ট করার জন্যই এতে আসামী হিসেবে অন্য সাতজন আদিবাসীদের নাম ঢুকিয়ে দিয়েছে। তুশিং হাজং এর পূর্ব বিদ্বেষ এখানে কাজে লেগেছে।
হত্যাকাণ্ডের মূল আসামী চৌকিদার রহিম, সুরুজ ও কাজীমুদ্দিন এখনো এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলে যে অভিযোগ পাওয়া গেছে, সে সম্পর্কে নেত্রকোনার এসপি আলী হোসেন বলেন, এমন কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবে এ ধরণের কোনো সুনিদিষ্ট তথ্য পাওয়া গেলে অবশ্যই তাদের গ্রেপ্তার করা হবে। আইনের হাত থেকে কেউই রেহাই পাবে না।
