বান্দরবানে অপহৃত ২ আদিবাসী উদ্ধার, ৪ সন্ত্রাসী আটক
পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলা থেকে অপহৃত দুই আদিবাসীকে সেনাবাহিনী সোমবার উদ্ধার করেছে। অপহরণের ঘটনার সাথে জড়িত সন্দেহে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, রোববার রাতে জেলার রুমা উপজেলার চুনচুন পাড়া থেকে ধরারাম কারবারীসহ দু’জনকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী রোববার রাত থেকেই ওই এলাকায় অভিযান শুরু করে। এক পর্যায়ে তারা সোমবার দুপুরে অপহৃত দু’জনকে উপজেলার ধোপছড়ি জঙ্গল থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
অপহরণের সাথে জড়িত থাকার সন্দেহে চার সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে সেনাবাহিনী জানায়। আরো তথ্য আদায়ের স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানা গেছে।
