গ্যাসের উচ্চমূল্য ও সরকারের সাথে যৌথ উদ্যোগসহ টাটার নতুন প্রস্তাব
গ্যাসের উচ্চমূল্য ও সরকারের সাথে যৌথ উদ্যোগসহ বিভিন্ন প্রস্তাব সম্বলিত সংশোধিত বিনিয়োগ প্রস্তাব রোববার পেশ করেছে ভারতীয় শিল্প প্রতিষ্ঠান টাটা। নতুন এ প্রস্তাবে তিন বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের জন্যে ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
টাটার প্রস্তাবে তাদের সার কারখানার জন্যে প্রতি হাজার ঘনফুট গ্যাসের মূল্য তিন দশমিক এক মার্কিন ডলার এবং ইস্পাত কারখানার জন্যে প্রতি হাজার ঘনফুট গ্যাসের মূল্য দুই দশমিক ছয় ডলার প্রদানের কথা বলা হয়েছে। টাটার বিদ্যুত কেন্দ্রের জ্বালানি হবে কয়লা।
প্রস্তাবে টাটা ৩১ মে’র মধ্যে সরকারের সিদ্ধান্ত চেয়েছে। সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিলে এ বছরের ৩১ জুলাইয়ের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।
টাটা সন্সের নির্বাহী পরিচালক অ্যালান রোসেলিং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমানের কাছে তার কার্যালয়ে রোববার সকালে সংশোধিত প্রস্তাব পেশ করেন।
বাংলাদেশ এ বছরের ফেব্রুয়ারিতে টাটাকে তাদের প্রস্তাব সংশোধনের আহ্বান জানিয়েছিল।
বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের সাথে বৈঠকের পর রোসেলিং সাংবাদিকদের বলেন, সংশোধিত প্রস্তাব বোর্ডের কাছে পেশ করেছি। আমাদের ধারণা, চুক্তির ক্ষেত্রে যে প্রস্তাব আমরা করেছি তা অত্যন্ত চমৎকার। বাংলাদেশ ও আমাদের মধ্যে এ চুক্তিটি হবে একশ বছরের জন্যে।
ভারতীয় শিল্প প্রতিষ্ঠানের মূল মধ্যস্থতাকারী রোসেলিং বলেন, সার, গ্যাস, বিদ্যুত ও কয়লাখনিÑ এ চারটি প্রকল্পে টাটার তিন বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের ফলে বাংলাদেশের কয়েক হাজার লোকের কর্মসংস্থান হবে এবং এতে বাংলাদেশের আয় হবে কয়েক বিলিয়ন বৈদেশিক মুদ্রা।
গ্যাস নিরাপত্তার ব্যাপারে টাটা প্রকল্পের ঋণের মেয়াদকাল পর্যন্ত নিশ্চয়তা চেয়েছে।
ঋণের এ মেয়াদকাল ১০ বছরের বেশি হবে না বলে মাহমুদুর রহমান জানান।
টাটা তাদের প্রস্তাবে ৯০ অনুপাত ১০ হিসেবে সরকারের সাথে চারটি প্রকল্পে যৌথ উদ্যোগ ও প্রকল্পগুলোর কাজের শুরু থেকে জনগণের কাছে জবাবদিহিতার ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছে।
রোসেলিং বলেন, এতে করে বিশ্বের বাজারে বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। কারণ, বাংলাদেশের জনগণের এ ব্যাপারে বিভিন্ন আপত্তি রয়েছে। আমার মনে হয় সেটা ভুল। যে কারণে আমরা উল্লেখযোগ্য কিছু একটা করতে চাই।
টাটার প্রস্তাবে প্রকল্পের তৃতীয় পর্যায়ে প্রকল্প এলাকায় ৫০ ও ১০০ শয্যা বিশিষ্ট দুটি হাসপাতাল নির্মাণের কথাও বলা হয়েছে। এছাড়া ইস্পাত ও কয়লাখনি সংক্রান্ত কাজের প্রশিক্ষণের জন্যে দুটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা ও নগর উন্নয়ন ঘটানো হবে।
বাংলাদেশের কাছে টাটার উৎপাদিত বিদ্যুতের মূল্য বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে।
টাটার উৎপাদিত ৫০০ মেগাওয়াটের মধ্যে একশ থেকে ১৫০ মেগাওয়াট সরবরাহ করার ব্যাপারে টাটার প্রত্যাশা রয়েছে বলে মাহমুদুর রহমান জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে এ প্রস্তাব দু পক্ষের জন্যই ভালো হবে বলে মনে করা হচ্ছে। মাহমুুদুর রহমান জানান, তাদের এ প্রস্তাব আলোচনার জন্যে সরকারের মধ্যস্থতাকারী দলের চেয়ারম্যানের কাছে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো হবে।
এর আগে টাটার প্রস্তাব পর্যালোচনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। এবারও বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনার জন্যে তাকে আহ্বান জানানো হবে।
টাটা গ্রুপ ৩১ মে’র মধ্যে সংশোধিত প্রস্তাবের ব্যাপারে সরকারের অবস্থান জানতে চেয়েছে বলে বিনিয়োগ বোর্ডের প্রধান জানান। সরকার সম্মত হলে এ বছরে ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে।
মাহমুদুর রহমান বলেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর নেতৃত্বে গঠিত প্রস্তাব মূল্যায়ন কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে।
সংশোধিত বিনিয়োগ প্রস্তাব প্রদানের পর টাটার প্রতিনিধি দল অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর সাথে সাক্ষাৎ করেন।
টাটার প্রতিনিধি দলের সদস্যরা হলেন, টাটা গ্রুপের মহাব্যবস্থাপক সুকরণ সিং, টাটার বাংলাদেশে আবাসিক পরিচালক মানজার হোসেন এবং বাংলাদেশে টাটার ইস্পাত শিল্পের প্রকল্প পরিচালক ইন্দ্রনীল সেনগুপ্ত।
এর আগে টাটা কোনও নিশ্চয়তা ছাড়াই প্রতি হাজার ঘনফুট গ্যাসের মূল্য এক দশমিক ২০ ডলার প্রস্তাব করেছিল এবং ২০ বছরের জন্যে অব্যাহত সরবরাহের ভিত্তিতে প্রতি হাজার ঘনফুটের মূল্য প্রস্তাব করেছিল এক দশমিক ৫০ ডলার।
গত ২০০৪ সালের অক্টোবরে এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে দুই দশমিক চার মিলিয়ন টনের একটি ইস্পাত কারখানা প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের সাথে টাটা একটি চুক্তি স্বাক্ষর করে।
টাটা বড়পুকুরিয়ায় কয়লার মাধ্যমে বিদ্যুত উৎপাদনের জন্যে ৫০০ মেগাওয়াটের একটি বিদ্যুতকেন্দ্র প্রতিষ্ঠা করবে এবং ছয়শ মিলিয়ন ব্যয়ে স্থাপন করবে একটি ইউরিয়া সার কারখানা।
কয়লাখনির জন্যে ৫০০ মিলিয়ন এবং বিদ্যুতকেন্দ্রের জন্যে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় ধরা হয়েছে।
