২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের তীব্র সঙ্কট

 দেশের বিভিন্ন স্থানের মতো চাঁপাইনবাবগঞ্জেও জ্বালানি তেলের সঙ্কট আরো তীব্র হয়েছে। জ্বালানির অভাবে দুই দিনে পরিবহন চলাচল অনেক কমে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 04:29 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

শহরের চারটি ফিলিং স্টেশন শনিবার দ্বিতীয় দিনের মতো পরিচিত মুখ ও নিয়মিত গ্রাহক ছাড়া অন্যদের কাছে তেল বিক্রি করেনি।

এদিকে শনিবার মেসার্স হোসেন পেট্রোলিয়াম সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মাত্র এক ঘন্টার জন্যে তেল বিক্রি করে । খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ফিলিং স্টেশনে ভয়াবহ ভিড় লেগে যায়।

মেসার্স হোসেন পেট্রোলিয়ামের স্বত্বাধিকারী গোলাম মোর্শেদ জানান, ছয়দিন ধরে বাঘাবাড়ি ডিপোতে তেল পাওয়া যাচ্ছে না। নিয়মিত গ্রাহকদের কথা বিবেচনা করে অতিরিক্ত ভাড়া দিয়ে খুলনা ডিপো থেকে কিছু তেল সংগ্রহ করে শনিবার বিক্রি করেছি।

মেসার্স একরামুল হক অ্যান্ড ব্রাদার্সের মো. আব্দুল্লাহ জানান, তাদের ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন নেই। ডিজেলও যতটুকু আছে তা স্থায়ী গ্রাহকদের অল্প করে দেওয়া হচ্ছে।

মেসার্স মহানন্দা ফিলিং স্টেশনে গিয়ে কোনো গ্রাহক বা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

চাঁপাই - সোনামসজিদ মহাসড়কের যাত্রীবাহী বাসের চালক গোলাম জাকারিয়া বলেন, পাম্পে না পেয়ে বাইরে থেকে ৪০ টাকা লিটার দরে ডিজেল কিনেছি। চাহিদামাফিক তেল না পেয়ে দুই দিন ধরে অনেক গাড়ি চলছে না।

তিনি জানান, শিবগঞ্জ ও কানসাটের পাম্পগুলো থেকে ডিজেল দেওয়া হচ্ছে না।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নূরে আলম বলেন, নাচোল থেকে ফেরার পথে পেট্রোল না পেয়ে আমনূরার একটি দোকান থেকে ৬০ টাকা লিটারে পেট্রোল কিনেছি। জ্বালানি সঙ্কটের কারণে জেলার পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলেও তিনি জানান।