খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে গাড়ি ভাংচুর, ৩ ঘন্টা সড়ক অবরোধ
খুলনার ডুমুরিয়া উপজেলায় বুধবার সড়ক দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা গাড়ি ভাংচুর এবং তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টায় উপজেলার আরাজি শাজিয়াড়ার ওয়াপদা কালীবাড়ি মোড়ে কলেজ ছাত্র ইয়াসিন আহমেদ বিশ্বাস ওরফে মিন্টু (১৮)কে কলেজে যাওয়ার সময় যাত্রীবাহি একটি বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। এদিকে মিন্টু বাস চাপা পড়ে নিহত হয়েছে-- এমন খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী খুলনা--সাতক্ষীরা মহাসড়কে বেরিকেড নিয়ে বাস ভাংচুর ও তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
পরে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এবং শিক্ষকদের এক বৈঠকের মধ্য দিয়ে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।
