২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছে পেট্রল পাম্প মালিকরা

পেট্রল পাম্প মালিক সমিতি দাবি আদায়ে এবার দীর্ঘমেয়াদি ধর্মঘটের পথ বেছে নিতে যাচ্ছে। আগামী ৭ মে’র মধ্যে সাত দফা দাবি মেনে না নেওয়া হলে পেট্রল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছে সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 04:48 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হক বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সমিতির সাত দফা দাবির মধ্যে রয়েছে, পাম্প মালিকদের জন্য পেট্রল ও অকটেনে ২ দশমিক ৭ এবং ডিজেলে ২ দশমিক ৪ শতাংশ হারে কমিশন পুননির্ধারণ, দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেল পরিবহনের খরচ প্রদান, সীমান্ত এলাকার পাম্প মালিকদের হয়রানি বন্ধ, তেলপাচার রোধে বাস্তবসম্মত মনিটরিং পদ্ধতি প্রবর্তন এবং নিরাপত্তার স্বার্থে পাম্প মালিকদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি প্রদান।

সংবাদ সম্মেলনে নাজমুল হক অভিযোগ করে বলেন, সরকার সমিতির সাথে সম্পাদিত চুক্তির শর্তগুলো বাস্তবায়ন না করে সমিতির সাথে উপহাস করছে।

তিনি জানান, দেশের বিভিন্ন পেট্রল পাম্প বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে জ্বালানি তেল ক্রয়বাবদ ৮০০ কোটি টাকা পাওনা রয়েছে।

নাজমুল হক আরও বরেন, সরকার দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেল পরিবহন বাবদ বকেয়া ১৫০ কোটি টাকা প্রদানের প্রতিশ্রুতি দিলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।

সমিতির সভাপতি জানান, দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৩০০ ভারতীয় ট্রাক তাদের বড় আকৃতির ট্যাংকে করে তেল নিয়ে যাচ্ছে। এক হিসেবে প্রতিদিন প্রায় এক লাখ ৮০ হাজার লিটার তেল ভারতে পাচার হয়ে যাচ্ছে।

তিনি তেল পাচাররোধে প্রশাসন এবং সমিতির সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং পদ্ধতি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সমিতির কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।