২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রদল ক্যাডার সাগরকে পুলিশ গ্রেপ্তার করেছে

পুলিশ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাডার এবং জগন্নাথ হল শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক সাগরকে গ্রেপ্তার করেছে। দৈনিক আজকের কাগজের স্টাফ রিপোর্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিনার বৈদ্যকে জ্বানালা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 09:47 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

এ ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংবাদিক ইউনিয়ন অভিযুক্ত ছাত্রদল ক্যাডারদের শাস্তি দাবি করেছে।

রমনা থানা পুলিশ দুপুর ২টার দিকে সাগরকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে একটি মামলাও দায়ের করা হয়েছে।

জগন্নাথ হলে ২১ এপ্রিল ছাত্রদল ক্যাডাররা মিনারকে মারধর করে আহত করে এবং পরে দুইতলা কক্ষের জ্বানালা দিয়ে তাকে বাইরে ফেলে দেয়।

তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরে সেখান থেকে শ্যামলীর ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়।

এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) সাংবাদিক নেতৃবৃন্দ রোববার ট্রমা সেন্টারে মিনারকে দেখতে যান।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বিএফইউজে সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী, মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ ও মহাসচিব ওমর ফারুক আহত মিনারকে দেখতে যান।

এছাড়া সমাজতান্ত্রিক ছাত্র ফন্ট এবং প্রগতিশীল ছাত্রজোট মিনারের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে।