২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দী বিনিময় চুক্তির আওতায় নয়, স্বাভাবিক নিয়মেই সাদেকীকে যুক্তরাষ্ট্রে পুশব্যাক করানো হয়েছে: বাবর

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার বলেছেন, বাংলাদেশী বংশদ্ভুত মার্কিন নাগরিক এহসান ইসলাম সাদেকীকে কোন বন্দী বিনিময় চুক্তির আওতায় নয়, স্বাভাবিক নিয়মেই যুক্তরাষ্ট্রে পুশব্যাক করানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সাদেকীকে দেশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে এবং বিপজ্জনক ব্যক্তি হিসেবে চিহ্নিত করে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়।

“প্রতিবছরই এমন পুশব্যাকের ঘটনা ঘটে, বিদেশী নাগরিকদের যেকোনও সময়ই তাদের দেশে ফেরত পাঠানো যায় এটি এমন কোনও বড় ইস্যু নয়”, প্রতিমন্ত্রী বলেন।

মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ. বুটেনিসের সাথে বৈঠক প্রসঙ্গে বাবর বলেন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের পুলিশ বিভাগকে প্রশিক্ষণ প্রদানসহ অন্যান্য কারিগরি সহায়তা ও সরঞ্জাম দেওয়ার কথা বলেছেন।

বাবর জানান, মার্কিন রাষ্ট্রদূত তাকে সেদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশে জঙ্গিবাদ দমনে বিশেষ করে শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও বাংলাভাইকে গ্রেফতারে সরকারের সাফল্যের প্রশংসা করেছেন।

তবে মার্কিন রাষ্ট্রদূত সাদেকীর গ্রেফতার ও তাকে এফবিআই’র কাছে হস্তান্তরের ব্যাপারে কোনও মন্তব্য করেন নি।

সাদেকীকে গত ১৭ এপ্রিল বারিধারা ডিওএইচএস-- এর কাছ থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা গ্রেফতার করে   এফবিআই’র কাছে হস্তান্তর করে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে বিচারের জন্যে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হয়।

সাদেকীর গ্রেফতারের পরপরই তার বাবা ছেলেকে খুঁজতে গিয়ে ব্যর্থ হন। স্থানীয় থানায়ও তার বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয় নি।

সাদেকীর বাবা সরদার মো. শরীফ তার পুত্রবধু (সাদেকীর নববিবাহিতা স্ত্রী) কে নিয়ে ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে বলেন, তার ছেলেকে কেন গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছুই জানেন না। স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে তাকে কোন কিছুই জানায় নি।