কেরানীগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
কেরানীগঞ্জের কালিকান্দি ইউনিয়নের পশ্চিম বরিশুর মুসলিমাবাদ এলাকায় রোববার ভোরে বাড়িওয়ালার কন্যাকে তার স্বামীর হামলা থেকে বাঁচাতে গিয়ে এক ভ্যানচালক খুন ও দুইজন আহত হয়েছে।
নিহতের নাম আসলাম (৩৫)। সে বরিশালে মুলাদী থানার বালিয়াতলী এলাকার রহমান ব্যাপারীর পুত্র। আহত শুকুর এবং বশিরকে আশঙ্কাজনক অবস্থায় মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, তাহের (৩৫) যৌতুকের জন্য শ্বশুরবাড়িতে রোববার ভোর আড়াইটার দিকে স্ত্রী শারীফাকে (৩০) ধারালো রামদা দিয়ে কোপানোর চেষ্টা করে।
এসময় শারীফার পিতার বাড়ির তিন ভাড়াটিয়া তাহেরের হাত থেকে শারীফাকে বাঁচাতে গেলে তাহের তাদেরকে রামদা দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এতে আসলাম ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ আসলামের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
