পৃথক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার পৃথক দু’টি ঘটনায় একই বিভাগের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন আম গাছ থেকে পড়ে গিয়ে এবং অপরজন ট্রেনের ধাক্কায় নিহত হয়।
নিহত দুইজনই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পালি বিভাগের ১ম বর্ষ এবং এএফ রহমান হলের ছাত্র।
দুই সহপাঠীর মধ্যে এএফ রহমান হলের ১১১ নম্বর কক্ষের আবাসাকি ছাত্র আলমগীর হোসেন সনি (১৯) কুষ্টিয়ার মিলপাড়ার বাসিন্দা ইব্রাহিম হোসেনের ছেলে। অপরজন একই হলের ২০৬ নম্বর কক্ষের আবাসিক ছাত্র আখতার হোসেন কুমিল্লা দেবিদ্বারের খিরাইকান্দির হাজী নুরুল ইসলাম সরদারের ছেলে।
ক্যাম্পাস সূত্র জানায়, সনি রাত দেড়টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের কাছে একটি আম গাছ থেকে পড়ে যায়। সহপাঠীরা জানায়, কয়েকজন বন্ধুকে নিয়ে সনি শনিবার রাতে আম পাড়ার জন্য গাছে ওঠে। পরে পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়। আহত সনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোরে সে মারা যায়।
অন্যদিকে আখতার হোসেন সকাল সাড়ে নয়টার দিকে খিলক্ষেত রেলস্টেশনে একটি দ্রুতগামি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।
