টঙ্গীতে ডাকাতদের ছুরিকাঘাতে র্যাব সদস্য খুন
গাজীপুর জেলার টঙ্গীতে শুক্রবার রাতে ডাকাতদের ছুরিকাঘাতে র্যাব সদরদফতরের একজন কন্সটেবল নিহত হয়েছে। নিহতর নাম দেলোয়ার হোসেন (৩২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে ১০ টার দিকে সাত -- আট জনের একটি সশস্ত্র ডাকাত দল দেলোয়ার হোসেনের ২৭ গ্রাম এলাকার বাসায় ডাকাতির উদ্দেশে হানা দেয়। তারা অস্ত্রের মুখে বাসার সকলকে জিম্মি করার চেষ্টা চালায়। এ সময় র্যাব কন্সটেবল (নম্বর -- ১৪৯৭০) দেলোয়ারের সঙ্গে তাদের ধ্বস্তাধ্বস্তি হয়। ডাকাতরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে তারা নগদ টাকা ও বাসার মূল্যবান মালামালসহ মোট এক লাখ ৪৬ হাজার টাকার সম্পদ নিয়ে পালিয়ে যায়।
এদিকে গুরুতর আহত অবস্থায় র্যাব সদস্য দেলোয়ারকে প্রথমে টঙ্গী সদর হাসপাতাল ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার ডিউটি অফিসার এসআই নাসিমা আক্তার বিডিনিউজকে জানান, রাত ১১ টার দিকে দেলোয়ার হোসেন সিএমএইচে মারা যায়। নিহতর বাবা দুলাই মিয়া।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। টঙ্গী থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা হয়েছে।
