পটুয়াখালীর দশমিনায় মসজিদে তালা, বিক্ষোভ, ইউএনও কে জরুরি তলব
পটুয়াখালীর দশমিনায় ইউএনও ও ম্যাজিস্ট্রেটের দ্বন্দের জের ধরে শুক্রবার জুমার নামাজের আগে উপজেলা কমপ্লেক্সের জামে মসজিদে তালা লাগানোর ঘটনায় দশমিনা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। তালা ভেঙ্গে বিক্ষুব্দ মুসল্লিদের নামাজ আদায় করেছে। এছাড়াও তারা বিক্ষোভ মিছিল করে এবং ইউএনও’র বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করে।
উপজেলার প্রশাসনের একাধিক সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ম্যাজিস্ট্রেট’র মধ্যে দীর্ঘ দিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ চলছিল। সম্প্রতি একটি মামলার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম মাসুদুর রহমান ম্যাজিস্ট্রেট খন্দকার আনোয়ার হোসেনকে প্রবাবিত করার চেষ্টায় ব্যর্থ হন। এর পর নির্বাহী কর্মকর্তা মসজিদে বসে ঘোষণা দেন উপজেলার কোন কর্মকর্তা-কর্মচারী মসজিদের প্রথম সারিতে নামাজ আদায় করতে পারবে না। পরে তিনি মসজিদে তালা লাগিয়ে দেন।
এ ব্যাপারে মসজিদের ইমাম হাফেজ মো. ইব্রাহীম খলিল বিডিনিউজকে জানান, শুক্রবার দুপুরের দিকে মসজিদের সংস্কারের কথা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই মসজিদে তালা ঝুলিয়ে দেন। পরে বিক্ষুব্ধ মুসুল্লিরা তালা ভেঙ্গে জুমার নামাজ আদায় করেন।
পরে মুসুল্লীরা ইউএনওকে অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে এবং তার বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা ওসির নেতৃত্বে মসজিদে একদল পুলিশ অবস্থান নেয়।
সূত্র জানায়, ঘটনা পটুয়াখালীতে অবস্থানরত বিভাগীয় কমিশনার একেএম ইসমাইলকে জানানো হলে তিনি ইউএনও, এসি (ভূমি) ও ম্যাজিস্ট্রেটকে জরুরি তলব করেছেন।
