কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু
কুমিল্লায় চাঁদার দাবীতে বুধবার সন্ত্রাসীদের গুলিতে আহত ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মুন্সী, বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নির্মাণাধীন একটি ব্রীজের ঠিকাদারী কাজের জন্য সন্ত্রাসীদের দাবীকৃত এক লাখ টাকা না দেওয়ায়, বুধবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে দাউদকান্দি উপজেলার দক্ষিণ ইলিয়টগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মুন্সী গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই দাউদকান্দি, চান্দিনা, ও মুরাদনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে, ঘটনার সাথে জড়িত অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করে।
নিহতের বন্ধু জাকির হোসেন এ ঘটনায় বাদী হয়ে, দাউদকান্দি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।
এদিকে স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন শুক্রবার সকালে নিহতের লাশ নিয়ে এলাকায় পৌছলে, হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
হত্যাকান্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
